
মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করতে পারলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে যাবে। দুটি দেশের অহিংস নীতি বজায় থাকলে বিদ্যমান সব সমস্যারই সমাধান হবে।
মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গান্ধী দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন এমন কথাই বললেন। গতকাল শনিবার বিকেলে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থলসীমান্ত চুক্তি ও তিস্তা চুক্তিসহ দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়েছেন। তাঁর এই ইঙ্গিত গান্ধীর অহিংস নীতিরই প্রতিফলন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর সমাধান আলোচনার টেবিলে হতে পারে। সন্ত্রাসবাদ ভারত-বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের একটি অভিন্ন সমস্যা। এ অবস্থা থেকে বের হতে, এদের প্রতিরোধ করতে তিনটি দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
ভারতের নতুন সরকার গান্ধীজির আদর্শে কাজ শুরু করেছে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, গান্ধীজির শিক্ষা ও দর্শন কাজে লাগাতে পারলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে।
তবে আলোচনা সভার সভাপতি অর্থনীতিবিদ ও ট্রাস্টের চেয়ারম্যান দেবপ্রিয় ভট্টাচার্য মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বলেন, আলোচনার টেবিলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমস্যা সমাধান হতে পারলে বাংলাদেশের রাজনৈতিক ও অন্যান্য সমস্যার সমাধান কেন হতে পারে না?
সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বিশ্বকে ভয়ংকর দুঃসংবাদ তাড়া করছে। প্রতিনিয়ত কোনো না কোনো এলাকা বা দেশ সহিংসতার শিকার হচ্ছে। এতে নারী ও শিশুরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে যে বৈষম্য তার পেছনেও আছে এই সহিংসতা। তিনি বলেন, অহিংসা মোটেই নিষ্ক্রিয় নয়, এটি প্রবলভাবে সক্রিয়। কেননা যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, চিন্তা দিয়েও করা যায়।
মনজুরুল ইসলাম বলেন, স্থানীয় অর্থনীতি ও কাজকে শক্তিশালী না করে শুধু বাইরে ছুটলে উন্নয়ন হয় না। এ জন্য গান্ধীজি খাদি আন্দোলন করেন। তিনি বলেন, ক্ষুদ্র ও বৃহৎ প্রচেষ্টার মধ্যে সমন্বয় থাকতে হবে। তা না হলে প্রচেষ্টায় মুখ থুবড়ে পড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমাদের আরেকবার ভাবা উচিত, বর্তমান সহিংসতাকে অহিংসা দিয়ে মোকাবিলা করতে পারি কি না?’ তিনি বলেন, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু গান্ধীর নীতিতে কাজ করেছেন। তাঁরা সফলও হয়েছেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান জব্লিউ মজীনা বলেন, গান্ধীর আদর্শে তাঁর চিন্তায় এমন অনেক কিছু আছে, যা দিয়ে বিশ্বকে পরিবর্তন করা যায়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের চলমান সংকটগুলো অহিংসভাবেই সমাধান করা উচিত।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সম্পাদিকা ঝর্ণাধারা চৌধুরী। আলোচনায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন।