গান্ধীর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানের সংঘাতপূর্ণ পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠায় এবং সততাবিহীন ও কদাচারের রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন একটি সভ্যতা গড়ার জন্য নতুন প্রজন্মকে মোহন দাস করমচাঁদ গান্ধীর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
গতকাল শুক্রবার রাজধানীর ফাস্ট ফরওয়ার্ড মিলনায়তনে মহাত্মা গান্ধী স্মারক সদনের উদ্যোগে ‘গান্ধীর শিক্ষা ও সমসাময়িক বিশ্ব’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবরকে জাতিসংঘ বিশ্ব অহিংস দিবস হিসেবে ঘোষণা করেছে।
আলোচনায় অংশ নিয়ে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু বলেন, মহাত্মা গান্ধী তাঁর অহিংস ও সত্যগ্রহ আন্দোলনের ভেতর দিয়ে শুধু নিজের জন্য, নিজের দেশের জন্য ইতিহাস তৈরি করেননি। সময় পরিক্রমায় এই ইতিহাস বিশ্ব মানবতার ইতিহাসের অংশ হয়ে গেছে।
বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের ভাষ্য, গান্ধীর কোনো দেশে নেই, সীমানা নেই। মানবতাই তাঁর সীমানা।
অনুষ্ঠানের সভাপতি এবং মহাত্মা গান্ধী স্মারক সদনের চেয়ারম্যান সৈয়দ আবুল মকসুদ বলেন, আজকের সংঘাতপূর্ণ পৃথিবীতে গান্ধীর অহিংসার দর্শন আরও বেশি করে প্রযোজ্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন।