গান-কবিতা সমাবেশে রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিল গান-কবিতা। বিক্ষোভ মিছিল-মানববন্ধন হয়েছে। গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়েছে। সবই করা হয়েছে, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণচুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার দাবি জানিয়ে। গতকাল রোববার বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহীতে এসব কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।
বরিশালে সমাবেশ করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণচুক্তি বাতিলের দাবি জানায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দুপুর সোয়া ১২টায় ব্রজমোহন কলেজের জিরো পয়েন্টে এ সমাবেশ হয়। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে ওই সমাবেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি মনীষা চক্রবর্তী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক সন্তু মিত্র প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশের অপরূপ সৌন্দর্য ও জীববৈচিত্র্যের সমাহার সুন্দরবন। বিশ্বের অন্যতম শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ জঙ্গল) বন সুন্দরবন। একই সঙ্গে প্রকৃতির রক্ষাপ্রাচীরও। বিরূপ প্রভাব পড়ে এমন কোনো কাজ সুন্দরবন এলাকায় করা হলে এই সৌন্দর্য হারাবে। তাই সুন্দরবন রক্ষায় রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। ওই কেন্দ্র হলে সুন্দরবনের পরিবেশ বিনষ্ট হবে।
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সেখানকার শিক্ষার্থীদের সংগঠন বিজ্ঞানচর্চাকেন্দ্র। বেলা একটায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজ্ঞানচর্চাকেন্দ্রের সভাপতি জুনায়েদ হাসান। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. বদিউজ্জামান খান, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী শেখ ফরিদ, সৌরভ সিংহ, রিয়াদ হাসান, তম কর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করলেও তা দূষণের মাত্রা মাত্র ৮-১০ ভাগ কমাতে পারবে, যা সর্বোপরি সুন্দরবনকে ধ্বংসই করবে। সুন্দরবনকে বাঁচাতে এ চুক্তি বাতিলের বিকল্প নেই।
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এর অংশ হিসেবে গতকাল দুপুর সাড়ে ১২টায় রাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জোটের কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে প্রতিবাদী গান ও কবিতার মাধ্যমে রামপাল চুক্তি ও জঙ্গিবাদের প্রতিবাদ জানানো শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।
সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল মজিদ বলেন, কর্মসূচিতে মিছিল-সমাবেশ ছাড়াও প্রতিবাদী নাটক, গান-কবিতা, মোমবাতি মিছিল, ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বরিশাল অফিস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি]