গান-কবিতা-কথায় সৈয়দ হককে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে গান, কবিতা আর আলোচনায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে এবং রাজশাহী নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে সন্ধ্যায় এসব আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত ‘কবি সৈয়দ শামসুল হক স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে তিতাস আবৃত্তি সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। আলোচনা ও আবৃত্তিতে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। অনুষ্ঠানে কবির দুটি কবিতা
থেকে সমবেত আবৃত্তি করে সংগঠনের শিশু শিল্পীরা।
রাজশাহীতে স্মরণসভাটির আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান। আবৃত্তি পরিবেশন করেন জয়দেব ভাদুরী, তাপস মজুমদারসহ রাজশাহী আবৃত্তি পরিষদ, আবৃত্তিচর্চাকেন্দ্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর আবৃত্তি কর্মীরা। সভার শুরুতে শিশু আবৃত্তি কর্মীরা সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।
সভায় বক্তারা বলেন, এই দেশ ও দেশের মানুষের প্রতি সৈয়দ শামসুল হকের ছিল অপরিসীম ভালোবাসা ও মমত্ববোধ। যে
কারণে তিনি গুরুতর অসুস্থ হয়েও মৃত্যুর আগে দেশে ফিরে এসেছিলেন।