গাফিলতি একজনের, দুর্ভোগ লক্ষাধিক মানুষের
কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ী সড়কে ১০ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটির সংস্কারের দায়িত্ব পাওয়া ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণেই গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে ওই সড়কের একটি অংশে কাদা-পানি জমে গেছে। তাই গত ২৭ মে থেকে এ সড়কে যানবাহন চলাচল করতে পারছে না। এভাবে একজনের গাফিলতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী-মাতারবাড়ী সড়কের দুই কিলোমিটার কাঁচা রাস্তায় ব্রিক সলিং (ইট বিছিয়ে রাখা) ও তিনটি বক্স কালভার্ট নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৯ সালের ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করে। এ জন্য প্রায় ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারের ২০০৯ সালের পয়লা মার্চ থেকে শুরু করে আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার নির্মাণকাজ শুরু করেন ২০০৯ সালের ডিসেম্বর মাসে। নতুন সময়সূচি অনুযায়ী জুনের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু এই সময়ে তিনটি কালভার্টের কাজ শেষ হলেও কাঁচা রাস্তার ব্রিক সলিংয়ের কাজ শেষ হয়নি। সরেজমিনে দেখা গেছে, দুই কিলোমিটার কাঁচা রাস্তার মধ্যে দেড় কিলোমিটারেই ইট বসানো হয়নি। এতে ওই সড়কের দাড়াদিয়া থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকা বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে আছে। এ কারণে গাড়ি তো দূরের কথা জনগণ পায়ে হেঁটে চলাচল করতে পারছে না। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, বৃষ্টির আগে সংস্কারকাজ শেষ করার জন্য অনেকবার ঠিকাদারকে বলা হলেও কোনো কাজ হয়নি। এতে বৃষ্টি হওয়ার পর থেকে এলাকার লোকজনের ওই সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। ঠিকাদার শহিদুল ইসলাম বলেন, রাস্তায় ব্রিক সলিংয়ের কাজ শুরু হয়েছে। বাকি কাজ পর্যায়ক্রমে সংস্কার করা হবে। উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদ জানান, রাস্তার কাজ শেষ করার জন্য অনেকবার ঠিকাদারকে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, শুধু ঠিকাদারের চরম গাফিলতির কারণে মাতারবাড়ী ও ধলঘাটার লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তাই ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।