গাফিলতি ও স্বেচ্ছাচারিতার কারণেই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠান না হওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গাফিলতি এবং অ্যাডহক কমিটির স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা এবং হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করার কারণ খুঁজে বের করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ফোরামের নেতারা। তাঁরা বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হবে। এর পর দাবি আদায়ে প্রয়োজনে কর্মসূচি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের আহ্বায়ক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানের জন্য গত বছরের ফেব্রুয়ারি মাসে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। নির্বাচন অনুষ্ঠানে কাজ করতে কমিটিকে তিন মাসের সময় দেওয়া হয়। কিন্তু ১৩ মাস হতে চললেও কমিটি নির্বাচন করতে পারেনি। ৬ ডিসেম্বর হাইকোর্ট এ কমিটিকে বাতিল করে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। গত ২৯ ডিসেম্বর সরকার মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে। একাধিক সভা করে নির্বাচন কমিশন ১৫ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করে। কিন্তু এখনো মুক্তিযোদ্ধাদের তালিকাই করতে পারেনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।সংগঠনের নেতা মহিউদ্দিন আহমেদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ের মদদেই অ্যাডহক কমিটির আহ্বায়ক হেলাল মোর্শেদ বিভিন্ন স্বেচ্ছাচারী আচরণ করে যাচ্ছেন। হাইকোর্ট এ কমিটি বাতিল করলেও তিনি মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ও গাড়ি ব্যবহার এবং এর জ্বালানি-খরচ সংসদের তহবিল থেকে নিচ্ছেন। তা ছাড়া মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের তিন কোটি টাকা এফডিআর না করে কমিটির সদস্যদের সঙ্গে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন শরিফ আফজাল হোসেন, ইলিয়াস মিঞা, খন্দকার মোদাচ্ছের আলী ও সৈয়দ সাজাহান আলী।