ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) কর্তৃপক্ষের গাফিলতির কারণে আর্থিক ক্ষতিতে পড়েছেন গাজীপুরের টঙ্গীর গ্রাহকেরা। আগস্ট মাসের বিলে অতিরিক্ত পাঁচ দিনের হিসাব যোগ করায় অনেকের বিলের ধাপ বেড়ে যায়। ফলে তাঁদের প্রত্যাশিত অঙ্কের চেয়ে অনেক বেশি বিল দিতে হয়েছে। ডেসকোর সূত্র জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী, আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের ওপর ভিত্তি করে ১ মার্চ ২০১২ থেকে তিনটি ধাপে মূল্যহার নির্ধারণ করা হয়। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ মাসে ১০০ ইউনিট বা তার কম হলে প্রতি ইউনিটের জন্য গ্রাহককে তিন টাকা পাঁচ পয়সা হারে বিল দিতে হয়। আর ১০১ থেকে ৪০০ ইউনিট হলে প্রতি ইউনিটের জন্য চার টাকা ২৯ পয়সা এবং ৪০০ ইউনিটের বেশি হলে প্রতি ইউনিটের জন্য সাত টাকা ৮৯ পয়সা হারে বিল দিতে হয়।এরই মধ্যে গত ২০ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে গড়ে ১৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে প্রায় ১৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে ৭৫ পয়সা। পাইকারি পর্যায়ে বেড়েছে ৬৮ পয়সা। ১ সেপ্টেম্বর থেকে এই বর্ধিত হার কার্যকর হয়েছে। একই সঙ্গে বিল কাঠামোয় ছয়টি ধাপ করে প্রতিটি ধাপের বিলে নিম্নতম ধাপের সুবিধা পুনর্বহাল করা হয়েছে।স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ১৩ সেপ্টেম্বর তাঁরা গত আগস্ট মাসের যে বিল পেয়েছেন, তাতে ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৫ দিনের বিদ্যুৎ ব্যবহারের হিসাব ধরা হয়েছে। অতিরিক্ত পাঁচ দিনের বিল যোগ হওয়ায় অনেকের ব্যবহূত ইউনিটের পরিমাণ বেড়ে গেছে। এতে দেখা গেছে, যে গ্রাহক আগের মাসে প্রথম ধাপের হিসাবে বিল দিয়েছেন, গত মাসে তাঁকে দ্বিতীয় ধাপের হিসাবে বিল দিতে হয়েছে।টঙ্গীর আউচপাড়ার গ্রাহক মো. শামসুল আলম বলেন, জুলাই মাসে তাঁর বাড়িতে বিদ্যুতের ব্যবহার হয়েছিল ৩৯৫ ইউনিট। দ্বিতীয় ধাপের চার টাকা ২৯ পয়সা হারে তিনি তখন বিল পরিশোধ করেন এক হাজার ৬৯৫ টাকা। কিন্তু, আগস্ট মাসে অতিরিক্ত পাঁচ দিন যোগ হওয়ায় তাঁর ব্যবহারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪১১ ইউনিটে। এতে করে তাঁকে তৃতীয় ধাপের সাত টাকা ৮৯ পয়সা হারে তিন হাজার ২৪৩ টাকা পরিশোধ করতে হয়েছে। মাত্র ১৬ ইউনিটের জন্য তাঁকে অতিরিক্ত এক হাজার ৫৪৮ টাকা গুনতে হয়।এ প্রতিবেদকের কাছে একই ধরনের অভিযোগ করেন আউচপাড়ার এম এম হেলাল উদ্দিন, দত্তপাড়ার মো. ফারুক হোসেন, পাগাড়ের মো. সিদ্দিক, মধুমিতা সড়কের মো. জয়নাল, সাতাইশের মো. সালাউদ্দিন, আরিচপুরের মোহাম্মদ আলীসহ অনেক গ্রাহক। তাঁরা জানিয়েছেন, এ বিষয়ে ডেসকোর কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি।খোঁজ নিয়ে জানা যায়, ডেসকোর টঙ্গী পূর্ব জোনে ২৭ হাজার ও পশ্চিম জোনে ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। তাঁদের অনেককেই আগস্ট মাসের বিল প্রত্যাশিত অঙ্কের প্রায় দ্বিগুণ দিতে হয়েছে।ডেসকোর টঙ্গী পশ্চিম জোনের ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী বিষয়টি স্বীকার করে বলেন, ‘ওই রকম অভিযোগ নিয়ে অনেক গ্রাহক আমার কাছে এসেছিলেন। কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল ফিতরের ছুটিতে থাকায় সময়মতো বিল তৈরি করা যায়নি।’তবে পূর্ব জোনের ব্যবস্থাপক মো. আশফাক আহমেদ দাবি করেন, মিটার রিডার অনেক সময় বাড়িমালিকের সঙ্গে যোগসাজশ করে কম বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল করেন। একই এলাকায় নতুন মিটার রিডারদের পাঠালে বিষয়টি ধরা পড়ে। নতুন মিটার রিডাররা জমে থাকা ইউনিটগুলো যোগ করে বিল করেন। এ কারণেও বেশি বিল হয়ে থাকতে পারে।