সড়ক মেরামত ও সংস্কারকাজে গাফিলতি করার অভিযোগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন টেন্ডার আহ্বান করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। খবর বাসসের।
সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কের ৬৬ কিলোমিটারের মধ্যে মাত্র তিন কিলোমিটার সড়ক খারাপ অবস্থায় রয়েছে। আমি ১০ বার এখানে এসেছি। কিন্তু সড়কের কাজ শেষ হয়নি। এর জন্য ঠিকাদারের গাফিলতি ও অবহেলা রয়েছে।’ এরপরই ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিলিংক ইন্টারন্যাশনালের কার্যাদেশ বাতিল করার ঘোষণা দেন যোগাযোগমন্ত্রী। একই সঙ্গে আগামীকাল রোববার ১৯ কোটি ৫০ লাখ টাকার নতুন টেন্ডার আহ্বান করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘৭০ দিনের মধ্যে যশোর-খুলনা মহাসড়কসহ দেশের কোনো সড়কে আর কোনো নালা-খন্দক ও গর্ত দেখতে চাই না। বর্ষাকালের আগেই সড়ক-মহাসড়কের সব গর্ত সংস্কার করতে হবে।’
যোগাযোগমন্ত্রী বলেন, ‘দেশের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক দেখতে চাই না। এসব গাড়ি যানজট ও দুর্ঘটনার কারণ। আমরা গরিব মানুষের পেটে লাথি মারতে চাই না। তাই এসব অননুমোদিত যানবাহন ফিডার রোডগুলোতে চলতে হবে।’