গাফিলতি ঠিকাদারের ভোগান্তি জনগণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের জন্য ফেলে রাখা বালু উড়ছে। সেই বালু ঢুকছে পথচারীদের নাকে-মুখে। বড় যানবাহন চলছে না। এই দুরবস্থা পিরোজপুরের জিয়ানগর খেজুরতলা-বাগলেরহাট সড়কের। ঠিকাদার কাজ শেষ না করায় সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। বেশি সমস্যা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পত্তাশী ইউনিয়নের খেজুরতলা থেকে বাগলেরহাট পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ সড়ক এবং ছয়টি বক্স-কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি) আওতায় ২০১৩ সালের জানুয়ারি মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই দরপত্র আহ্বান করে। ৭৩ লাখ ১৬ হাজার টাকায় কাজটি পায় মুরাদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ২৪ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। ২৫ ডিসেম্বর কাজ শেষ করার কথা। দরপত্রের শর্তানুযায়ী রাস্তার ওপর বালু দিয়ে তার ওপর ইট বিছানোর কথা ছিল।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, মুরাদ এন্টারপ্রাইজ সড়ক নির্মাণের কাজ পেলেও কাজ করছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাদশা হাওলাদারের শ্বশুর আজিজ হাওলাদার। তিনি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেননি। উপরন্তু এই সময়ে শুধু কালভার্টের নির্মাণকাজ শেষ করেছেন এবং রাস্তায় বালু ফেলে রেখেছেন। এতে জিয়ানগর উপজেলার পত্তাশী, চরনীপত্তাশী, দক্ষিণ পত্তাশী, রাজৈর ও ফকিরবাড়ী-কালিকাবাড়ী গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

গত ২২ মার্চ বেলা ১১টার দিকে ওই রাস্তার পত্তাশী এলাকা দিয়ে স্যান্ডেল হাতে নিয়ে হাঁটছিলেন বেবী আক্তার। তিনি বলেন, ‘বাতাসে বালু উড়ে চোখ ও মুখে পড়ছে। জুতা হাতে নিয়েই চলতে হচ্ছে আমাদের।’ কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ভ্যানচালক। তিনি বলেন, ‘এই রাস্তার ওপর দিয়ে মানসে ঠিকমতো হাঁটতে পারে না। দায় ঠেইক্কা এহন মালামাল নিয়া যাইতে অয়।’

পত্তাশী এলাকার বাসিন্দা বশির উদ্দিন খান বলেন, সড়কের পাশে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। নির্মাণকাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

পত্তাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গনি খান বলেন, তিনি সড়কের কাজ শেষ করার জন্য আজিজ হাওলাদারকে একাধিকবার অনুরোধ করেছেন। এ ব্যাপারে আজিজ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর জামাতা বাদশা হাওলাদার জানান, বিল না দেওয়ায় তাঁরা কাজটি শেষ করতে পারছেন না। তবে এলজিইডি জিয়ানগর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মুনিরুজ্জামান বলেন, কাজ না করায় ঠিকাদারকে বিল দেওয়া হচ্ছে না। কাজ শেষ করার জন্য সর্বশেষ গত ১০ মার্চ ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।