গাফিলতি ঠিকাদারের ভোগান্তি মানুষের
গত কয়েক দিনে ভোলার তিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিনটি বাঁধ ভেঙে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। একই সঙ্গে ওই পরিবারগুলোর সম্পদ ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। এসব বাঁধ সংস্কারের দায়িত্ব পাওয়া ঠিকাদারেরা সঠিক সময়ে কাজ না করায় পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় বাঁধ নির্মাণে গাফিলতির কারণে কয়েক হাজার মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি আলোচনা করা হয়। পাউবো ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, পাউবো আগস্টের প্রথম সপ্তাহে ভোলা ও দৌলতখান শহর রক্ষা ও শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষা বাঁধের দুই হাজার ৫৭০ মিটার জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য কার্যাদেশ দেয়। এ কাজের জন্য এক কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। ৩৪ জন ঠিকাদার এ কাজ পান। ১০-১২ দিনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু দেড় মাসেও কাজ শেষ হয়নি।নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় ৭ সেপ্টেম্বর ভোলা শহর রক্ষা বাঁধের জমাদ্দারবাড়ি এলাকায় প্রায় ১০০ মিটার এলাকার বাঁধ ভেঙে যায়। এতে ধনিয়া ইউনিয়নের তিনটি গ্রামের তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। একই সময়ে দৌলতখান শহর রক্ষা বাঁধের সাতবাড়িয়া খাল এলাকা দিয়ে পানি ঢুকে পড়ে। এতে ভবানীপুর, সৈয়দপুর ও দৌলতখান শহরের কিছু অংশের ছয় হাজার পরিবার সাত-আট দিন পানিবন্দী ছিল। আগস্টের শেষ সপ্তাহে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষা বাঁধের বাংলাবাজার অংশের ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে পানি ঢুকে চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান, তিনি বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা তদন্ত ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেক আগে থেকেই পাউবোর নির্বাহী প্রকৌশলীকে চাপ দিচ্ছেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ঠিকাদারদের শুক্রবার থেকে কাজ শুরু করে তিন-চার দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা এ সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারবেন, তাঁদের কার্যাদেশ ও লাইসেন্স বাতিল করা হবে।