গাফিলতির কারণে দেওয়ানি মামলায় হারছে সরকার
জেলা প্রশাসন ও সরকারপক্ষের আইনজীবীদের (কৌঁসুলি, জিপি, এজিপি) অবহেলা ও গাফিলতির কারণে ভূমিসংশ্লিষ্ট দেওয়ানি মামলায় হেরে যাচ্ছে সরকার।মামলার রায় হওয়ার পরও জেলা প্রশাসনের পক্ষ থেকে সময়মতো আপিল না করায় বেশির ভাগ মামলাই তামাদি হয়ে যাচ্ছে। এসব মামলা ২০ থেকে ২৫ বছর পর্যন্ত পড়ে থাকার পর ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হলেও এগুলো নিয়ে উচ্চতর আদালতে আপিল করার আর সুযোগ থাকে না। ফলে একদিকে যেমন সরকারি সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, অন্যদিকে সরকারের হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলার রায় হওয়ার পরও কেন সঠিক সময় আপিল করা হয় না, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ তিনি বলেন, কোন কর্মকর্তার অবহেলার কারণে সরকারি সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, তাও দেখা হবে। তবে এখন থেকে ভূমির সব দেওয়ানি মামলা তদারকির জন্য প্রতি জেলায় দক্ষ ও নির্ভরযোগ্য একজন ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হবে। সরকারপক্ষের উদাসীনতার জন্য দীর্ঘ সময় পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলার বিষয়ে কী করা যায় তা নিয়ে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অভিযোগ করা হয়, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি ও অবহেলার কারণেই মামলা তামাদি হয়ে যাচ্ছে। বৈঠকে লক্ষ্য নির্ধারণ করে জেলাওয়ারি মামলা পরিচালনা এবং ভূমিসংক্রান্ত চাঞ্চল্যকর মামলাগুলোর জেলাভিত্তিক তালিকা তৈরির সিদ্ধান্ত হয়। ভূমি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব মামলার কারণে সরকারে জমি ও টাকা দুই-ই বেহাত হয়। একটি মামলার রায়ের পর আপিল না করা হলে অন্য মামলার ক্ষেত্রে একই অবস্থা হয়। যে কারণে এবার মামলা পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় হারার কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করে প্রতি মাসে এসিল্যান্ড ও এডিসি রেভিনিউর মনিটরিং প্রতিবেদন ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ৫০ হাজার রিট মামলার মধ্যে ভূমি-সম্পর্কিত ২৫ হাজার মামলা উচ্চ আদালতে অনিষ্পন্ন অবস্থায় আছে। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে যেকোনো মামলার রায় হওয়ার পরও কোনো কাগজপত্র, মামলার রেকর্ড বা কোনো প্রকার রেজিস্টার আদালতে দাখিল করে না। এ কারণে মামলায় সরকার হেরে যায়।ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফরিদপুরের এক মামলার উদাহরণ দিয়ে বলেন, সরকারের ফরিদপুরের ভাঙ্গা থানার নুরুল্লাগঞ্জ শেওজার দশমিক ৬০ একর জমি নিয়ে মোশাররফ হোসেন গং ফরিদপুরের সহকারী জজ আদালতে মামলা করেন। জেলা প্রশাসন থেকে রায়ের সাড়ে ২২ বছর পর করণীয় সম্পর্কে ভূমি সংস্কার বোর্ডে চিঠি লেখা হয়। ভূমি সংস্কার বোর্ড এরও অনেক দিন পর ভূমি মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। দেশের প্রায় সব জেলায় ভূমিসংক্রান্ত মামলার ক্ষেত্রেই এ ধরনের চিত্র পাওয়া গেছে।