
প্যারাসিটামল সিরাপ পানে ২৮ শিশুর মৃত্যুর মামলায় তদন্তে গাফিলতি ছিল—রায়ে সুস্পষ্টভাবে এই উল্লেখ থাকলেও তদন্তের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর। ওই কর্মকর্তারা নিয়মিত অফিস করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রায়ের কপি তাঁরা এখনো পাননি, পেলে ব্যবস্থা নেবেন।
গত ২৮ নভেম্বর রিডফার্মার মালিকসহ পাঁচ আসামিকে খালাস দেন ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান। রায়ে আদালত বলেছেন, মামলার বাদী শফিকুল ইসলাম ও ঔষধ প্রশাসনের আরেক তত্ত্বাবধায়ক আলতাফ হোসেন চরম অবহেলা, অযোগ্যতা ও অদক্ষতার পরিচয় দিয়েছেন। ঔষধ প্রশাসন পরিদপ্তরের সাবেক পরিচালক ইসমাইল হোসেন কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে যান্ত্রিকভাবে মামলা পরিচালনার অনুমতি দিয়েছেন। রায়ে আরও বলা হয়, শফিকুল আদালতে স্বীকার করেছেন, জব্দ করা ওষুধ রিড ফার্মার কি না, তা তিনি বলতে পারবেন না।
স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম বলেন, রিড ফার্মার মামলার রায়ের কপি তিনি হাতে পাননি। পাওয়ার পর আদালতের পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে অবশ্যই খালাসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র পরিচালক মো. রুহুল আমিন বলেন, রায় প্রকাশিত হয়েছে কি না, তা তাঁর জানা নেই। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রায়ের নকল তুলবেন।
মামলার নথিপত্র ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, সাত বছর আগে ঢাকার শিশু হাসপাতালে কিডনি বিকল হয়ে ২৮ শিশু মারা যায়। এসব শিশু ছিল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার। মৃত্যুর কারণ অনুসন্ধান করে হাসপাতালটির চিকিৎসক মো. হানিফ জানতে পারেন, রিড ফার্মার তৈরি সিরাপে ডাই ইথিলিন গ্লাইকল নামের বিষাক্ত উপাদান রয়েছে। সিরাপ পান করেই মারা গেছে তারা। এ ঘটনায় ২০০৯ সালের আগস্টে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ঢাকার ড্রাগ আদালতে মামলা করেন। ২৮ নভেম্বর খালাস দেন ড্রাগ আদালত। খালাসপ্রাপ্তরা হলেন রিড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, তাঁর স্ত্রী ফার্মার পরিচালক শিউলি রহমান, কোম্পানির পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
আদালত বলেন, ওষুধ সংগ্রহ করা হয়েছে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক মো. হানিফের কাছ থেকে। কিন্তু তাঁকে সাক্ষী করা হয়নি। হানিফ কোথা থেকে ওষুধ সংগ্রহ করেছেন বা তাঁকে কে দিয়েছে, তা জানা সম্ভব হয়নি। ঔষধ প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত নন, জব্দ করা ওষুধগুলো রিড ফার্মার। ওষুধের নমুনা তিনটি প্রতিষ্ঠানে পাঠাতে হয়। কিন্তু বাদী শফিকুল তা করেননি। শিশু হাসপাতাল থেকে জব্দ করা ওষুধের একই ব্যাচের নমুনা ওই কোম্পানি থেকে সংগ্রহ করেননি। রিড ফার্মার কোনো প্রতিনিধির কাছ থেকেও সংগ্রহ করেননি। মামলার পর তিনি রিড ফার্মার কোম্পানি পরিদর্শন করেননি।
মামলার বাদী তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জব্দ করা সিরাপ দুটি যে রিড ফার্মার, তা সাক্ষীরা আদালতে নিশ্চিত করতে পারেননি। তিনি নিজেও নিশ্চিত নন। শিশু হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে তিনি নমুনা আলামত হিসেবে জব্দ করেন। চিকিৎসকেরা কীভাবে সংগ্রহ করেছেন, তা তাঁর জানা নেই। হাসপাতালে একটি নমুনা পেয়েছিলেন।
রিড ফার্মার ভেজাল সিরাপের নমুনা সংগ্রহকারী হানিফ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের জুলাই মাসে কিডনি বিকল হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়। তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি সিরাপের দুটি নমুনা সংগ্রহ করেন। ব্যক্তিগত উদ্যোগে নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করান। সিরাপে বিষাক্ত রাসায়নিক উপাদান ডাই ইথিলিন গ্লাইকল থাকার প্রমাণ পান। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিরাপের নমুনা জমা দেন। ডাই ইথিলিন গ্লাইকল বিষাক্ত রাসায়নিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক মনে করেন, রিড ফার্মার মামলার আসামি খালাসের দায় ঔষধ প্রশাসন অধিদপ্তর এড়াতে পারে না। রিড ফার্মার মামলার আলামত সংগ্রহে চরম অবহেলা করেছেন তদন্ত কর্মকর্তা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, যাঁদের অবহেলায় রিড ফার্মার মামলার আসমিরা খালাস পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।