আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সন্ত্রাসের গডফাদার বলে পরিচিত জয়নাল হাজারীকে সন্ত্রাসী না বলতে আহ্বান জানানোর প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ফেনীতে সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শহরের ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাব ভবনের সামনে ‘ফেনী জেলার নির্যাতিত পরিবারবর্গে’র ব্যানারে ওই কুশপুত্তলিকা পোড়ানো হয়।গত সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জয়নাল হাজারীর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করে আবদুল গাফ্ফার চৌধুরী বলেছিলেন, ‘তাকে (হাজারী) সন্ত্রাসী বলা যাবে না। তাঁকে সন্ত্রাসী বলা বন্ধ করতে হবে।’বিভিন্ন সময় হাজারী বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের স্বজন আবদুল মান্নান, কামাল উদ্দিন, মোহাম্মদ মিয়া ও হাসান গতকাল কুশপুত্তলিকা দাহ করতে এসে সাংবাদিকদের বলেন, প্রবাসী সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর ওই বক্তব্যে ফেনীবাসী ক্ষুব্ধ। তাঁরা আবদুল গাফ্ফার চৌধুরীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তাঁর কুশপুত্তলিকা দাহ করে ঘৃণা প্রকাশের মাধ্যমে তাঁরা অন্তরজ্বালা নেভানোর চেষ্টা করছেন মাত্র। প্রেসক্লাবের নিন্দা: হাজারীর বইয়ের মোড়ক উন্মোচনের একই অনুষ্ঠানে আবদুল গাফ্ফার চৌধুরী সাংবাদিক টিপু সুলতান নির্যাতিত হননি বলে মন্তব্য করায় ফেনী প্রেসক্লাবের কার্যকরী কমিটির জরুরি সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল দুপুরে ফেনী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে সভায় সাংবাদিক টিপু সুলতানের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সভায় বলা হয়, ওই নির্যাতনের বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু গাফ্ফার চৌধুরীর মতো একজন ব্যক্তি তা অপপ্রচার ও অস্বীকার করায় ফেনীর সাংবাদিক সমাজ হতবাক, বিস্মিত ও ক্ষুব্ধ।