গাফ্ফার চৌধুরীর বক্তব্যের নিন্দা
প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী ফেনীর সাংবাদিক টিপু সুলতান নির্যাতিত হননি বলে যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে ঢাকায় কর্মরত ফেনীর সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে ফেনী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আবদুল গাফ্ফার চৌধুরী সাংবাদিক টিপু সুলতানের ওপর হামলা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। গতকাল শুক্রবার মতিঝিলে ফেনী সাংবাদিক সমিতি ফোরামের কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে গাফ্ফার চৌধুরীর মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। ফোরামের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বলা হয়, টিপুর ওপর হাজারীবাহিনীর হামলার ঘটনাটি সর্বজনবিদিত হওয়া সত্ত্বেও গাফ্ফার চৌধুরীর এ ধরনের মন্তব্য দুঃখজনক ও অনভিপ্রেত। তাঁর মতো একজন প্রবীণ সাংবাদিক নির্যাতিত একজন সাংবাদিকের পক্ষে দাঁড়াবেন—এটাই প্রত্যাশিত। কিন্তু তিনি তা না করে ঘটনার নয় বছর পর নির্যাতনকারীর পক্ষ নিয়ে কথা বলায় ফোরাম বিস্মিত ও হতবাক।উল্লেখ্য, ২০০১ সালের ২৫ জানুয়ারি জয়নাল হাজারীর সন্ত্রাসীবাহিনী ফেনীতে কর্মরত অবস্থায় সাংবাদিক টিপুর ওপর হামলা চালায়। বিজ্ঞপ্তি।