গাবতলী ও তুরাগে ফরমালিনযুক্ত ফল ধ্বংস
রাজধানীর গাবতলী ও তুরাগ থানার ধোর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত ফল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় তিনজনকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাসুদ প্রথম আলোকে জানান, গতকাল রাতে গাবতলীতে ফলবোঝাই ৩০টি ট্রাক আটক করা হয়।এর মধ্যে ১০ ট্রাক ফলে ফরমালিন পাওয়া যায়।ওই ট্রাকে থাকা ৩২০ মণ আম, ১০ হাজারটি লিচু ও ৩২ মণ জাম জব্দ করে ধ্বংস করে।এ সময় তিনজনকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আবদুল্লাহ আল মাসুদ জানান, ধ্বংস করা ফলগুলোর মধ্যে আমে ৬ থেকে ৩০ পিপিএম, লিচুতে ৫ থেকে ১৯ পিপিএম এবং জামে ৫ থেকে ১৩ পিপিএম মাত্রার ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে।
এদিকে তুরাগ থানার ধোর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬০ কেজি ফরমালিনযুক্ত আম ধ্বংস করে ফেলে।
ফরমালিনযুক্ত আম ধ্বংস করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আরিফ। তিনি জানান, এই এলাকা দিয়ে খুব বেশি ফলের ট্রাক যাতায়াত করে না।