গাবতলী টার্মিনালে ভিড় নেই
আর দুই বা তিন দিন পর ঈদ। এ সময় সবাই গ্রামের বাড়ির দিকে ছুটবে, স্বাভাবিক। কিন্তু রাজধানীর অন্যতম আন্তজেলা বাস টার্মিনাল গাবতলীতে যেন খুব একটা তাড়া নেই।
আজ দুপুর ১২টার দিকে গাবতলী গিয়ে খুব একটা ভিড় দেখা যায়নি। যাত্রীদের যেখানে টিকিটের জন্য হন্যে হওয়ার কথা, সেখানে যাত্রী এলেই চলছে ডাকাডাকি। তবে তাই বলে গাড়ি একেবারেই খালি নয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, পোশাক কারখানাগুলো ছুটি হলে কাল-পরশু ভিড় বাড়বে।
এসপি পরিবহনের কর্মী মো. আবু তালেব মনে করেন, এবার রমজানের শুরু থেকেই রাজধানীর স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এতে অনেকে আগেভাগে পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাই শেষ মুহূর্তে যাত্রী কম।
গাবতলী বাস টার্মিনালে বরিশাল, রাজশাহী, বগুড়া, সাতক্ষীরা, খুলনাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারে গিয়ে একই অবস্থা দেখা গেছে। সবখানেই যাত্রীসংকট।
যশোরগামী ঈগল পরিবহনের কাউন্টারের কর্মী শওকত হোসেন হতাশা প্রকাশ করে বলেন, ‘আল্লাই জানে কী হইছে। আগে কখনো এ রকম হয় নাই।’ তাঁর আরেক সহকর্মী পাশ থেকে একটু মজা করলেন, এখন মানুষের মনে রং নাই। কেউ বাড়ি যেতে চায় না।
তবে তাঁদের আশা ঈদের আগমুহূর্তে গার্মেন্ট কারখানাগুলো ছুটি ঘোষণার পর যাত্রীর চাপ বাড়বে।
সাতক্ষীরাগামী চিত্রা পরিবহনের কর্মী দুলাল পাটোয়ারী বলেন, তাঁদের সাধারণমানের গাড়িগুলোতে যাত্রীর চাপ এখন তুলনামূলক কম। তবে ‘ভিআইপি’ গাড়িগুলোতে আসন খালি নেই।
কিন্তু কয়েকটি কাউন্টার ঘুরে দেখা গেল আজকের দিনের অনেক গাড়িতেই সিট ফাঁকা। উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের কর্মী মো. আজিজুর রহমান যাত্রীদের ডাকছিলেন। অর্থাত্ দুলালের ভাষায় যে ‘ভিআইপি’ গাড়ি, তাতেও সিট ফাঁকা। আজিজ বলেন, আজ কিছু সিট খালি আছে। তবে আগামীকাল বিকেল থেকে ২৮ তারিখ পর্যন্ত সিট ফাঁকা পাওয়া যাওয়ার সম্ভাবনা কম।