গাবতলী থেকে দক্ষিণের ২১ জেলায় বাস চলাচল ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর হয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় গতকাল সোমবার রাত থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ বাস চলাচল শুরু হয়। ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায়ের প্রতিবাদে গত রোববার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন মালিকেরা।ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় গতকাল দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য গাবতলী বাসস্টেশনে এসে যাত্রীরা দিনভর দুর্ভোগে পড়েন। অনেকে যাত্রা বাতিল করে বাসায় ফিরে যান। যাঁদের যাওয়া জরুরি তাঁরা লোকাল বাসে ও পথে বাস বদলের ঝক্কি নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। বাসমালিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গাবতলী থেকে ফরিদপুর হয়ে ২১টি জেলায় প্রতিদিন প্রায় ২০০ বাস চলাচল করে।গতকাল রাতে গাবতলীভিত্তিক বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এ আলী খবীর প্রথম আলোকে বলেন, ফরিদপুর জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত থেকে ফরিদপুর হয়ে ২১ জেলায় বাস চলাচল শুরু হয়েছে। ফরিদপুর হয়ে চলাচলকারী দ্রুতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক যোবায়ের নঈম জানান, চাঁদাবাজেরা বাস শ্রমিকদের মারধর করায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ পাওয়া গেছে, ফরিদপুরের ওপর দিয়ে ২১ জেলায় চলাচলকারী বাসগুলো থেকে দুটি শ্রমিক সংগঠন ফরিদপুর মটরস ওয়ার্কার্স ইউনিয়ন ও আন্তজেলা শ্রমিক ইউনিয়নের নামে আকস্মিকভাবে ২০ টাকা করে চাঁদা আদায় শুরু হয়। এতে মালিকেরা এসব জেলায় বাস চলাচল বন্ধ করে দেন।আমাদের ফরিদপুর অফিস জানায়, গতকাল দুপুরে ফরিদপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক এস এম শাহ্ আলম স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, ‘১ আগস্ট থেকে সাধারণ শ্রমিকদের কল্যাণে ১০ থেকে ২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো অন্যায় করিনি।’ফরিদপুর মটরস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, চাঁদাসম্পর্কিত সমস্যা সমাধানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আগামী বৃহস্পতিবার মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আকস্মিক ধর্মঘট ডেকে যাত্রীসাধারণকে দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, কারও সঙ্গে আলোচনা না করে দুটি শ্রমিক ইউনিয়ন চাঁদা আদায় শুরু করলে সংকটের সৃষ্টি হয়। রোববার থেকেই এ টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়েছে।