গাবতলী থেকে পুলিশি পাহারায় বাস চলেছে, যাত্রী ছিল কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে পুলিশের পাহারায় গতকাল বুধবার সকালে ও রাতে উত্তরবঙ্গের পথে বাস ছাড়লেও যাত্রী কম ছিল বলে পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন।
সকাল ১০টার দিকে প্রথম ১৪টি বাস নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অভিমুখে একটি বহর ছেড়ে যায়। বহরের সামনে ও পেছনে পুলিশের দুটি গাড়ি পাহারায় ছিল। বহরে হানিফ, শ্যামলী, নাবিল পরিবহনসহ কয়েকটি কোম্পানির বাস ছিল। রাত ১০টার দিকে পুলিশের পাহারায় আরেকটি বহরে প্রায় ৪০টি বাস ছেড়ে যায়।
রাজশাহী থেকে বিকেলে পুলিশের পাহারায় ঢাকার উদ্দেশে বাস ছেড়েছে বলে রাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন।
মঙ্গলবার গাবতলী বাস টার্মিনালে উত্তরবঙ্গের ১৬ জেলার বাসমালিক ও শ্রমিকদের বৈঠকে পুলিশের পাহারায় বাস চালানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে নৌপরিবহনমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। পুলিশের পাহারায় সকালে বাস নিয়ে রওনা হওয়া এক চালক বলেন, বাসগুলো ছেড়েছে গড়ে ১০ জন যাত্রী নিয়ে।
শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ বলেন, সকালে বগুড়া, কুষ্টিয়া ও পাবনার পথে তিনটি বাস গেছে। সেগুলো ফিরে এসেছে রাতে। তবে যাত্রীর সংখ্যা কম ছিল।
যাত্রীদের পেট্রলবোমা থেকে কিছুটা সুরক্ষার জন্য বাসের জানালা বন্ধ রাখা এবং জানালায় মোটা পর্দা লাগিয়ে টেনে রাখার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছে সড়ক পরিবহন সমিতি।
সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, পেট্রলবোমা বাসের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করেই যাত্রীদের গায়ে পড়ছে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছে। মোটা পর্দা টেনে রাখলে কাচ ভেঙে পর্দায় পড়বে। এতে কিছুটা হলেও যাত্রীরা সময় পাবেন বুঝে উঠে বেরিয়ে যাওয়ার। এ জন্য গতকাল সারা দেশের বাসমালিকদের এই পরামর্শ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।