গাবতলী পৌরসভার উপনির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত
বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট৷ আজ বৃহস্পতিবার ভোট গ্রহণের কথা ছিল৷ গতকাল দুপুরে নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশ বগুড়ায় এসে পৌঁছায়৷
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ প্রথম আলোকে জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছিল। ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু বেলা আড়াইটার দিকে নির্বাচন কমিশন থেকে ভোট গ্রহণ স্থগিতের লিখিত নির্দেশ আসে৷
নির্বাচন কমিশনের আদেশের বরাত দিয়ে আবু ছাইদ আরও জানান, গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ গ্রামের আনোয়ার সরকার নামের এক ব্যক্তি তরফসরতাজ ও দাঁড়াইল নামে দুটি গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্তি এবং নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চে গত ১৭ জুন একটি রিট আবেদন করেন৷ ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ জুন হাইকোর্ট আজ ২৬ জুনের নির্ধারিত গাবতলী পৌরসভার উপনির্বাচনের ভোট গ্রহণ ৯০ দিনের জন্য স্থগিতের আদেশ দেন।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা সুলতানা নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গাবতলী পৌরসভার উপনির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
পৌর মেয়র মোরশেদ মিলটন গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হওয়ায় মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য ২৬ জুন ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে মেয়র পদে বিএনপির দুজন, আওয়ামী লীগের একজন ও জামায়াতে ইসলামীর এক নেতা প্রার্থী হয়েছেন৷