গাবতলী পৌরসভার স্থগিত উপনির্বাচন ২৫ সেপ্টেম্বর
হাইকোর্টের নির্দেশে স্থগিত হওয়া বগুড়ার গাবতলী পৌরসভার উপনির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাজেদা ইয়াসমিন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
ইউএনও মাজেদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আগের তফসিল অনুযায়ী যে চারজন প্রার্থী প্রচারণা চালিয়েছেন, তাঁরাই শুধু ২৫ সেপ্টেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগ পর্যন্ত প্রার্থীরা তাঁদের প্রচারণাও চালাতে পারবেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। গত ২৬ জুন ওই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রচারণার শেষ মুহূর্তে ১৭ জুন গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সরকার তাঁর নিজগ্রাম ও দাঁড়াইল পৌরসভায় অন্তর্ভুক্তি চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৯০ দিনের জন্য পৌরসভার উপনির্বাচনের ভোট গ্রহণের ওপর স্থগিতাদেশ দেন।
চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে গাবতলী পৌরসভার মেয়র মোরশেদ মিলটন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এতে পৌরসভার মেয়রের পদটি শূন্য হয়।