গাবতলী পৌরসভার উপনির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী
বগুড়ার গাবতলী পৌরসভার উপনির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম জয়ী হয়েছেন। আজ মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুদফা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজেদা ইয়াসমিন তাঁর কার্যালয়ে ফল ঘোষণা করেন। এ সময় সাইফুল ইসলামকে জয়ী ঘোষণা করেন তিনি। সাইফুল ইসলাম ৬ হাজার ১৬৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল লতিফ পেয়েছেন ৬৯৯ ভোট।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ছামছুল ইসলাম প্রমাণিককে জয়ী ঘোষণা করা হয়।
গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোরশেদ মিলটন গত উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে পদটি শূন্য হয়। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাকের মৃত্যুর কারণে কাউন্সিলরের পদটি শূন্য হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার নয়টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। মেয়র পদে প্রার্থী ছিলেন চারজন। অন্যদিকে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদেও চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।