গাবতলী বেড়িবাঁধসংলগ্ন ৫২ একর জমি উদ্ধারে বাধা নেই
রাজধানীর গাবতলীর পশুর হাটসংলগ্ন ইট, পাথর, বালুর আড়ত হিসেবে ব্যবহৃত ৩০০ প্লটজুড়ে থাকা ৫২ দশমিক ৩৬ একর ভূমির বিষয়ে আট বছর আগে দেওয়া স্থিতাবস্থা প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুল খারিজ করে গতকাল রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর ফলে ওই ভূমি উদ্ধারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইনজীবী মো. শাহজাহান। জেলা প্রশাসকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
মামলার নথিপত্রে দেখা যায়, ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন গাবতলীর পশুর হাটের পাশে বেড়িবাঁধসংলগ্ন ৩০০টি প্লট ইট-বালুর আড়ত হিসেবে বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞাপন ছাপায়। এ অনুযায়ী কিছু ব্যক্তি দরপত্র জমা দেন এবং দাবি অনুসারে আংশিক অর্থ জমা করেন। তবে বরাদ্দপত্র বা ব্যবহারের জন্য আনুষ্ঠানিক কোনো পত্র দেওয়া হয়নি বলে দাবি সিটি করপোরেশনের।
আদালত সূত্র জানায়, এ অবস্থায় আংশিক অর্থ জমা দেওয়ার পর ভূমি ব্যবহারের অনুমতিপত্র ও বরাদ্দপত্র দেওয়া হয়নি দাবি করে ২০০৮ সালে গাবতলী ইট, পাথর, বালু আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি মো. নাসিরুল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০০৮ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট ওই ভূমির ওপর তিন মাসের জন্য উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি ইজারাসংক্রান্ত যথাযথ কাগজপত্র কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। পরে ওই বছরের ২১ এপ্রিল এই স্থিতাবস্থার মেয়াদ রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত বাড়ানো হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল আদালত তা খারিজ করে রায় দেন।
জেলা প্রশাসকের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ৩০০টি প্লটের অবস্থান তুরাগ নদের পাশে। চার নদী রক্ষার মামলায় হাইকোর্টের দেওয়া রায় অনুসারে যে জরিপ করা হয়েছিল, সেই জরিপ অনুসারে অনেক জায়গা নদের। রিট আবেদনটি খারিজ হওয়ায় তুরাগ নদের জায়গা উদ্ধারে আইনগত প্রতিবন্ধকতা কাটল।
সিটি করপোরেশনের আইনজীবী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, দরপত্র আহ্বানের পরপর আবেদনকারীরা বেআইনিভাবে দখল নিয়ে ২০০৫ সাল থেকে ওই ভূমি ব্যবহার করে আসছেন। তাঁদের কোনো বরাদ্দপত্র বা ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমতিপত্র দেওয়া হয়নি। রিট খারিজ হওয়ায় ও স্থিতাবস্থা প্রত্যাহারের ফলে এখন ওই ভূমি উদ্ধারে আইনগত কোনো বাধা নেই।