গাবতলী বেড়িবাঁধে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী বেড়িবাঁধে বেপরোয়া গতির ট্রাকের চাপায় নিহত হয়েছেন গৃহবধূ পারভিন আক্তার (২৫) ও তাঁর মেয়ে আফসানা মিমি (৫)। গত বৃহস্পতিবার রাতের এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গাবতলীসংলগ্ন সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় একই রাতে ফার্মগেটে অজ্ঞাত এক বৃদ্ধ এবং গতকাল শুক্রবার ভোররাতে সোনারগাঁও মোড়ে দুই ভাই মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মেয়ে আফসানাকে নিয়ে পারভিন গাবতলী বেড়িবাঁধের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁরা রাস্তার উল্টো পাশের সিটি সুইপার কলোনির বাসায় ফিরছিলেন। আশপাশের লোকজন ওই ট্রাকসহ (ঢাকা-ট-১৪-৪৭৬৭) চালককে আটক করে পিটুনি দেয় এবং ট্রাকটি ভাঙচুর করে। পরে দারুসসালাম থানার পুলিশ এসে চালককে উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।স্থানীয় লোকজন জানায়, ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যুর খবর পেয়ে সিটি সুইপার কলোনির কয়েক শ মানুষ ও আশপাশের লোকজন লাঠিসোটা হাতে বেড়িবাঁধ হয়ে কামরাঙ্গীরচর সড়ক এবং পর্বতা সিনেমা হলের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও মিছিল করে। একপর্যায়ে লোকজন যানবাহনে ভাঙচুর করে। খবর পেয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি ট্রাকচালকের বিচারের আশ্বাস দিলে রাত পৌনে একটার দিকে লোকজন সড়ক ছেড়ে চলে যায়। ওসি বলেন, নিহত পারভীনের বাবা মোস্তফা গাজী বাদী হয়ে ট্রাকচালক সেন্টুর বিরুদ্ধে মামলা করেন। আটক সেন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মা ও মেয়ের লাশের ময়নাতদন্ত হয়েছে।মা-মেয়ের মৃত্যুতে ওই সিটি সুইপার কলোনিতে শোকের ছায়া নেমে আসে। তাঁদের বাসায় গিয়ে দেখা যায়, অনেক মানুষের ভিড়। স্ত্রী ও একমাত্র সন্তান হারিয়ে আসাদ মিয়া বুক চাপড়ে কাঁদছেন। আফসানা স্থানীয় বাগিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। বিকেলে ময়নাতদন্ত শেষে পারভিন ও আফসানার লাশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেওয়া হয়। সোনারগাঁও ক্রসিংয়ে দুই ভাই নিহত: গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে কারওয়ান বাজারসংলগ্ন সোনারগাঁও ক্রসিংয়ে সংবাদপত্রবাহী একটি গাড়ির ধাক্কায় ঠেলাগাড়িচালক মাইদুল ইসলাম (২০) ও তাঁর সহোদর নাসিরউদ্দিন (২৫) মারা গেছেন। পুলিশ জানায়, মাইদুল তাঁর দুই ভাই নাসির ও টুটুল বাড্ডার মেরুল থেকে ঠেলাগাড়িতে বাঁশ নিয়ে পান্থপথে যাওয়ার পথে ঠেলাগাড়িকে সংবাদপত্রবাহী গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতে নাসিরউদ্দিন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত মাইদুল ও টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাইদুল মারা যান। শাহবাগ থানার পুলিশ ওই গাড়ি ও এর চালককে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাইদুল ও নাসির ম-২৭/২ বাড্ডার মেরুলে থাকতেন।বৃদ্ধের মৃত্যু: বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফার্মগেট পুলিশ বক্সসংলগ্ন সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ ঘটনাস্থলে মারা যান। বাসটি পালিয়ে যায়। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি।