কলেজগেট থেকে মিরপুর সেতু (আমিনবাজার সেতু) পর্যন্ত যত্রতত্র পরিবহন কোম্পানির কাউন্টার। তার সামনে সড়কের অর্ধেক দখল করে বাস দাঁড়ানো। তোলা হচ্ছে যাত্রীও। রাস্তার দুই পাশের এই চিত্রের সঙ্গে গাবতলী বাস টার্মিনালকে কেন্দ্র করে আশপাশে দুই কিলোমিটারের মধ্যে ১৮টি সিএনজি স্টেশন ও জ্বালানি তেলের পাম্প। জ্বালানি নিতে এগুলোর সামনে দীর্ঘ লাইন। মিরপুর সেতুর মুখের বিকল্প সড়কে গড়ে তোলা অবৈধ ট্রাকস্ট্যান্ড আর ইট-বালুর ব্যবসা। সব মিলিয়ে বিশৃঙ্খল, স্থবির এই চিত্র গাবতলীর। দিনের চেয়ে রাতের চিত্র আরও বিশৃঙ্খল। ঢাকায় যাতায়াতের অন্যতম এই সড়কমুখ এবারও ঘরমুখী মানুষকে ভোগাবে বলে মনে করছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। শুধু অব্যবস্থাপনার কারণে সৃষ্ট এই পরিস্থিতি উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩৩ জেলার মানুষের আনন্দের ঈদযাত্রা তিক্ততায় পরিণত হতে পারে।গতকাল সোমবার দুপুরে গাবতলী টার্মিনালে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ পথের এস এস ট্রাভেলসের চালক আবদুস সোবহান বললেন, ঈদের আগে, বিশেষ করে রাতে গাবতলী পার হতে গড়ে দেড় থেকে দুই ঘণ্টা লেগে যায়। এরপর এলোমেলো যানবাহন দাঁড় করিয়ে রাখার জন্য সাভার বাজারে যানজটে পড়তে হয়। চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আরেক দফা যানজটে পড়তে হয়।এস বি পরিবহনের কাউন্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহিম রহিমুল্লাহ বলেন, ‘গত ঈদুল আজহার এক দিন আগের রাতে গাবতলী টার্মিনালেই দুই ঘণ্টা বাসে আটকা ছিলাম। এবার তাই আগেভাগে দিনের বেলায় বাড়ি যাচ্ছি।’ গতকাল দুপুর ১২টা। গাবতলী টার্মিনালমুখী সড়কের অর্ধেক দখল করে দাঁড়িয়ে আছে রাজকীয় পরিবহন, এস এস ট্রাভেলস, সানসিটি, এ আলমসহ বেশ কয়েকটি কোম্পানির বাস। সব কটিই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাবে। পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসের ছাদ ভর্তি হওয়ার পরই ছাড়বে এগুলো। দুপুর সাড়ে ১২টার সময়ও এই চারটি বাসকে ওই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঈদ উপলক্ষে এভাবে পুরোটা রাস্তা বাস টার্মিনালে পরিণত হয়।খোঁজ নিয়ে জানা গেছে, গাবতলী টার্মিনালে ৪০০ বাস রাখার জায়গা আছে। কিন্তু এই টার্মিনালকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় এক হাজার বাস চলে। ঈদে তা আরও বাড়ে। ট্রাকগুলো সরছেই না: গাবতলী টার্মিনাল থেকে ১০০ গজ পশ্চিমে গাবতলী পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়ি থেকে আর কয়েক গজ এগোলেই দেখা যাবে ৫০-৬০টি ট্রাক এলোমেলোভাবে সড়কে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যেখানে ট্রাকের সারি শেষ সেখানেই সিগন্যাল। সারা দিনই সেখানে যানজট লেগে থাকছে। কিন্তু গতকাল দুপুরে গিয়েও দেখা গেছে, সড়ক দখল করে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে।জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক আশরাফুল ইসলাম দাবি করেন, ‘ট্রাকগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। এর পরও না সরালে রেকার দিয়ে জব্দ করা হবে।’দুই কিলোমিটারের মধ্যে ১৮টি তেল-গ্যাস স্টেশন: কল্যাণপুর থেকে মিরপুর সেতু পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ১৮টি সিএনজি স্টেশন ও পেট্রলপাম্প গড়ে উঠেছে। এর মধ্যে গাবতলী টার্মিনালের ৫০০ গজের মধ্যে পাঁচটি সিএনজি স্টেশন ও পেট্রলপাম্প রয়েছে।দিনরাতে দূরপাল্লা, স্বল্পপাল্লা, লেগুনা, ট্রাক—সব ধরনের যানবাহনই জ্বালানি নেয় এসব পাম্প থেকে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রোজিনা সিএনজি ফিলিং স্টেশন, রায়হান এন্টারপ্রাইজ, ইউকে সালসাবিল পেট্রলপাম্প ও এস এস ফিলিং স্টেশনের ভেতরে ও বাইরে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। আর এতে রাস্তায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।