গাবতলী হাটে আসছে কোরবানির পশু
রাজধানীর গাবতলী পশুর হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে পশু আসছে স্থায়ী এ হাটে। তবে গতকাল শুক্রবারও হাট জমেনি। বিক্রেতারা বলছেন, পুরোদমে বিক্রি শুরু হতে আরও দুই দিন লাগবে।সকালে গাবতলী হাটে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর দেশি ও ভারতীয় গরু। আছে ছাগল, ভেড়া, মহিষ, উটও। সে তুলনায় ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। দাম জানতে চাইছেন অনেকে। দামে বনে যাওয়ায় কয়েকজন গরু কিনেও নিলেন।গাবতলী পশুর হাট কমিটির সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত সোমবার থেকে হাটে কোরবানির পশু আসছে।কুষ্টিয়ার কুমারখালী থেকে দুই দিন আগে এ হাটে দুই ট্রাক গরু এনেছেন দেলোয়ার ব্যাপারি। তাঁর কয়েকটি গরু বিক্রিও হয়ে গেছে। তিনি জানান, এবার গরুর দাম বাড়তি। গতবার তিনি যে গরু ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন, এবার ওই আকারের গরু ৭৫ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি না করলে লাভ হবে না।সকালে বড় আকারের ১০টি খাসি নিয়ে এ হাটে আসেন জয়পুরহাটের নকিব সর্দার। তিনি জানান, আট-নয় হাজার টাকা করে খাসিগুলো বিক্রি করবেন। আরেক বিক্রেতা মাঝারি আকারের এক জোড়া ছাগলের দাম চাইলেন ১০ হাজার টাকা।বড় আকারের দুটি গরু এনেছেন কুষ্টিয়ার ইসমাইল মিয়া। তিনি জানান, এ গরুকে নেপালি গরু বলে। এর একেকটির দাম তিনি হাঁকলেন দুই লাখ টাকা।হাটের একটি স্থানে দেখা যায়, দুটি উট ঘিরে মানুষের জটলা। কেউ কেউ মুঠোফোনে উটের ছবিও তুলছেন। উটের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, উট দুটির মালিক মজিবর ব্যাপারি। একেকটির দাম চাওয়া হয় চার লাখ টাকা।হাটে গরু কিনতে আসা ফার্মগেটের বাসিন্দা মুন্নি বেগম বলেন, গতবার ঈদের দুই দিন আগে হাটে এসে গরু কম থাকায় চড়া দামে কিনেছেন। তাই এবার আগেভাগেই এসেছেন।নবাবপুরের রফিকুল ইসলাম এসেছেন দাম সম্পর্কে ধারণা নিতে। এদিকে হাটের প্রবেশপথে পশু সাজানোর বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বসেছেন অনেকে। পশু বিক্রি পুরোদমে শুরু না হওয়ায় তাঁদের বিক্রিও তেমন নেই।গাবতলী পশুর হাট কমিটির সদস্য মো. রিপন বলেন, ঈদ উপলক্ষে কমিটির পক্ষ থেকে আটটি রসিদ ঘর ও ১১টি পর্যবেক্ষণ টাওয়ার করা হয়েছে। কমিটির অনেক কর্মী পশু বেচাকেনা নির্বিঘ্ন করতে কাজ করছেন।