গাবতলীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলীতে টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড়। গতকাল বিকেলের দৃশ্য l প্রথম আলো
গাবতলীতে টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড়। গতকাল বিকেলের দৃশ্য l প্রথম আলো

ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ ফেরিঘাট পাটুরিয়া-দৌলতদিয়ার কয়েকটি ঘাট ভাঙনের কারণে বন্ধ। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত সড়কে থেমে থেমে যানজট। যে কারণে ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণের জেলাগুলোর যাত্রীদের ঈদযাত্রা শুরু হয় বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তির মধ্য দিয়ে।
গতকাল বৃহস্পতিবার গাবতলী বাসস্ট্যান্ডে কথা হচ্ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইফুল ইসলামের সঙ্গে। তাঁর যশোর যাওয়ার বাস ছাড়ার কথা ছিল বেলা দুইটায়। সে অনুসারে ছোট দুটি বাচ্চাসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি সোয়া একটার মধ্যে বাসস্ট্যান্ডে পৌঁছান। এরপর বিকেল সাড়ে পাঁচটা পেরিয়ে গেলেও যশোর থেকে ছেড়ে আসা বাস কখন গাবতলীতে পৌঁছাবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি কাউন্টারের লোকজন।
সাইফুল ইসলামের মতো দক্ষিণ ও উত্তরের জেলাগুলোতে যাওয়ার জন্য অন্তত ৩০ জন অপেক্ষমাণ যাত্রী তাঁদের ভোগান্তির কথা জানালেন। তীব্র গরম ও বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীর ভিড় যে ভোগান্তিকে আরও বাড়িয়ে দেয়।
এই দুটি রুটে চলাচলকারী বাসগুলোর কাউন্টার ব্যবস্থাপকদের বক্তব্য, পাটুরিয়া-দৌলতদিয়ার কয়েকটি ঘাট বন্ধ থাকায় শত শত গাড়ি আটকা পড়েছে নদীর দুই পাড়ে। যে কারণে এই রুটে চলাচলকারী অধিকাংশ বাস গড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা দেরিতে গাবতলীতে পৌঁছাচ্ছে। অন্যদিকে পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার হতে না পেরে অনেক গাড়ি বঙ্গবন্ধু সেতু দিয়ে আসায় ঢাকামুখী গাড়ির চাপ বাড়ছে। ফলে যানজটের কারণে এই রুটের গাড়িগুলোও সময়মতো পৌঁছাতে পারছে না।
এ কে ট্রাভেলসের কাউন্টার ব্যবস্থাপক মো. এরশাদউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ঘাটের অবস্থা খুবই করুণ। যারা এই পথে সরাসরি ফেরি পারাপারের টিকিট কেটেছে, তাদের ভোগান্তির শেষ নেই। প্রতিটি গাড়ি পাঁচ-ছয় ঘণ্টা করে লেট। গতকাল (বুধবার) আমাদের একটা গাড়ি রাত ১০টার দিকে ঘাটে আসলেও এখন পর্যন্ত গাবতলীতে পৌঁছাতে পারেনি।’