গাবতলীতে দুই দিনে ১৪৮টি কার্তুজ ছুড়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলীতে শ্রমিকদের তাণ্ডব, এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত কোনো আসামি গতকাল রোববার পর্যন্ত গ্রেপ্তার হননি। এদিকে শ্রমিকদের মধ্য থেকে কারও গুলিতেই শাহীনুর রহমান নামে এক বাসশ্রমিক নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হলেও এখন পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

মানবাধিকার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশের কাছে নিশ্চয় নিশ্চিত তথ্য রয়েছে, যার ভিত্তিতে পুলিশ এ ধরনের কথা বলছে। এখন পুলিশ সেই গুলিবর্ষণকারীকে ধরতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

আর ঘটনাস্থলে পুলিশ যে গুলি ছুড়েছিল, তার উল্লেখ রয়েছে এ ঘটনায় দায়ের করা মামলাগুলোতেই। তিনটি মামলায় শটগানের মোট ১৪৮টি গুলি ছোড়ার কথা উল্লেখ করেছে পুলিশ।

এদিকে গাবতলীতে তাণ্ডবের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া সাত শ্রমিককে গতকাল দ্বিতীয় দফায় এক দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তাঁরা কেউই এজাহারভুক্ত আসামি নন।

গতকাল সকালে গাবতলীতে গিয়ে দেখা গেছে, আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের কার্যালয় খোলা রয়েছে, তবে সেখানে কোনো নেতাকে পাওয়া যায়নি। গাবতলীর বালুঘাট ট্রাক ইউনিয়ন কার্যালয়টি বন্ধ। বন্ধ কার্যালয়ের সামনে কথা হয় ইসমাইল হোসেন নামে এক ট্রাক বন্দোবস্তকারীর সঙ্গে। তিনি বলেন, ট্রাকের চালক ও মালিক নেতাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। পুলিশ গুলি করে শ্রমিক মেরে আবার শ্রমিকদেরই দায়ী করছে।

তবে বুধবার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ উল্লেখ করেছে, আন্দোলনকারী অজ্ঞাতনামা শ্রমিকদের মধ্য থেকে সাধারণ জনগণের ওপর গুলি চালালে একজন আহত হয়ে রাস্তায় পড়ে যান।

মামলার বাদী দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) এস এম এলিস মাহমুদ প্রথম আলোকে বলেন, ওই দিন শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ কোনো গুলি ছোড়েনি। আন্দোলনরত শ্রমিকেরাই সাধারণ জনগণের ওপর গুলি ছুড়েছিলেন। ওই শ্রমিকদের গুলিতেই শাহিনুর মারা যান।

তবে এলিস মাহমুদ নামের পুলিশ কর্মকর্তা যে মামলাটি দায়ের করেছেন, সেটিতেই ঘটনাস্থলে শটগানের ২৬টি কার্তুজ ফায়ার করার কথা উল্লেখ রয়েছে। পরিবহনশ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষে মঙ্গলবার রাতের ঘটনায় তিনটি ও বুধবার দিনের ঘটনায় দুটি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় শটগানের মোট ১৪৮টি গুলি ছোড়ার কথা উল্লেখ করেছে পুলিশ।

এদিকে বুধবার শ্রমিক শাহীনুর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছিলেন, ওই শ্রমিকের বুকে ও পেটে ছররা গুলির জখম ছিল।

সাধারণত শটগানের কার্তুজে ভরা থাকে এ ধরনের ছররা গুলি।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামানও শ্রমিক হত্যার দায় শ্রমিকদের ওপরই চাপিয়েছেন। তবে এজাহারভুক্ত কোনো আসামিকেই তাঁরা গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেননি। এমনকি উদ্ধার হয়নি শ্রমিক হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও।

যোগাযোগ করা হলে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান প্রথম আলোকে বলেন, ‘আমরা তো ঘটনার সময় গণমাধ্যম মারফত জেনেছিলাম, শ্রমিকদের শান্ত করতে পুলিশ গুলিও চালিয়েছে। এক শ্রমিক নিহত হওয়ার পর দায়ের করা মামলায় পুলিশ বলা শুরু করল যে শ্রমিকদের মধ্য থেকে কারও গুলিতেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ যেহেতু বলেছে, তার মানে পুলিশের কাছে নিশ্চই নিশ্চিত তথ্য আছে। আর এ ধরনের শ্রমিক বিক্ষোভের ঘটনায় ইট-পাটকেলের পাশাপাশি গুলি ছোড়ার ঘটনা যদি আদৌ ঘটে থাকে, তাহলে তা নিঃসন্দেহে খুবই উদ্বেগের।

দ্বিতীয় দফায় রিমান্ড

গাবতলীতে তাণ্ডবের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া সাতজনকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম দেবব্রত সিকদার শুনানি শেষে প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া সাত শ্রমিক হলেন রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, সোহেল, ফজলে রাব্বী, আল আমিন ও এনামুল।

গত ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ধর্মঘটি শ্রমিকেরা গাবতলীতে ব্যাপক ভাঙচুর চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বক্স ও রেকারেও আগুন দেন তাঁরা।