গাবতলীতে দুই সপ্তাহে অর্ধশতাধিক গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী পৌর এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ব্যাপক হারে খুরারোগ ছড়িয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও গরুর খামারের মালিকেরা। গত দুই সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে উপজেলার অর্ধশতাধিক গরুর মৃত্যু হয়েছে। ভ্যাকসিনের সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।
ওই কার্যালয় থেকে জানা গেছে, কোরবানির ঈদের আগে ভারত থেকে বিপুল পরিমাণ ‘হাড়িয়ানা’ জাতের গরু বাংলাদেশে আসে। হাটবাজারে ওঠা এসব ভারতীয় গরুর বেশির ভাগই ছিল খুরারোগে আক্রান্ত। এসব ভারতীয় গরু থেকে খুরারোগ ছড়িয়ে পড়ে দেশি গরুতে।
খামারীরা জানান, ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় ভ্যাকসিন দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভ্যাকসিনেরও তীব্র সংকট রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের এবং খামারের প্রায় অর্ধশত গরু খুরারোগে আক্রান্ত হয়ে মারা গেছে। দুর্গাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, আক্রান্ত গরুকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য ইউনিয়ন পরিষদ থেকে প্রচারপত্র বিলি করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ভারত থেকে আসা হাড়িয়ানা জাতের গরু থেকে খুরারোগ ছড়িয়ে পড়ে। খুরারোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ থেকে ২৫টি গরু মারা যাওয়ার খবর পেয়েছেন তিনি। এ পরিস্থিতিতে গবাদিপশুকে খুরারোগের ভ্যাকাসিন দেওয়ানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে জনবল ও ভ্যাকসিনের স্বল্পতার কারণে পরিস্থিতি সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।