গাবতলীতে দুজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
বগুড়ার গাবতলী উপজেলায় দুজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সাত সদস্যের একটি দল গত বৃহস্পতিবার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী-তেঁতুলগাছি হাট এলাকায় পরিদর্শনে গিয়ে ওই দুজন রোগী শনাক্ত করে।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল করিম খানকে প্রধান ও চিকিৎসা কর্মকর্তা নীল রতন দেবকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট চিকিৎসক দল গঠন করা হয়েছে।
রোগীরা হলো মধ্যকাতুলী গ্রামের শাহজাহান আলীর ছেলে পান্না মিয়া (১০) এবং ইয়াছিন আলীর স্ত্রী রোজিনা বেগম (২৫)। গত বুধবার স্থানীয় কমিউনিটি ক্লিনিকে অ্যানথ্রাক্স সন্দেহে আটজন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে রোজিনা ও পান্নাকে অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করা হয়। নীল রতন দেব প্রথম আলোকে বলেন, সরেজমিন তদন্তে গিয়ে ওই দুজনকে অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।