গাবতলীতে নিরাপত্তা বাড়ানোর দাবি মাংস ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনে অংশ নেওয়া মাংস ব্যবসায়ীদের যেন হয়রানি বা আঘাত না করা হয়, সে জন্য গাবতলীতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। নেতারা বলেন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে।
গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে সমিতির একাধিক নেতা গাবতলী এলাকার নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক বৈঠকে উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকার বাইরে থাকায় তিনি বৈঠকে ছিলেন না।
বৈঠকে মাংস ব্যবসায়ীদের নেতৃত্ব দেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়ায় মাংস ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের ওপর আঘাত আসতে পারে বা হয়রানি করা হতে পারে। হয়রানি বন্ধে সার্বক্ষণিক গাবতলীতে পুলিশের ব্যবস্থা করতে হবে।
সরকারের পক্ষ থেকে সব অবৈধ কাজ বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকে মাংস ব্যবসায়ীদের আশ্বস্ত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। জবাবে ব্যবসায়ীরাও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার ঘোষণা দেন।
চার দফা দাবিতে গত সোমবার থেকে টানা ছয় দিন ধর্মঘট করে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। এই চার দফা দাবি হলো অতিরিক্ত খাজনা আদায়ের জন্য গাবতলী হাটে ইজারাদারদের ইজারা বাতিল করাসহ হুন্ডির মাধ্যমে ভারত থেকে গরু আনা বন্ধ করা এবং হুন্ডি ব্যবসায়ী ‘কালা মইজা’কে বিচারের আওতায় আনা, হাজারীবাগের ট্যানারিগুলো দ্রুত অপসারণ ও চামড়ার পড়তি দাম বাড়ানো, উত্তর সিটি করপোরেশনের ‘দুর্নীতিগ্রস্ত’ প্রধান নির্বাহী ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণ এবং সফল ট্যানারি শিল্প মালিকদের সহযোগিতা এবং ব্যর্থ মালিকদের কারখানা বন্ধ করা।