গাবতলীতে পল্লী বিদ্যুতের'ইচ্ছামাফিক' বিলআদায়
বগুড়ার গাবতলী উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি তাদের ‘ইচ্ছামাফিক’ চার শতাধিক আবাসিক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। গ্রাহকেরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছেন, তার সঙ্গে আরও ৩০ থেকে ১০০ ইউনিট যোগ করে বিল করা হয়েছে। গ্রাহকেরা এসব বিল নিয়ে সমিতির কার্যালয়ে গেলে কর্তৃপক্ষ তাঁদের নানা কথা বলে ফিরিয়ে দিচ্ছে।
গ্রাহকেরা বলছেন, পল্লী বিদ্যুৎ মিটারে ওঠা ইউনিটের চেয়ে বেশি ইউনিটের বিল করায় তাঁদের অতিরিক্ত বিল এবং উচ্চহারে বিল দিতে হচ্ছে।
রামেশ্বরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১০০ গ্রাহক অভিযোগ করেছেন, গত এপ্রিলের বিলে তাঁদের ব্যবহূত বিদ্যুতের চেয়ে অতিরিক্ত বিল দেখানো হয়েছে। উপজেলার আরও কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এমন ইচ্ছামাফিক বিল করার খবর পাওয়া গেছে। পল্লী বিদ্যুতের বিল এক থেকে ৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট তিন টাকা ৮৫ পয়সা আর ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট চার টাকা ৬৩ পয়সা।
রামেশ্বরপুর আকন্দপাড়ার গ্রাহক আলতাফ আলীর ছেলে নূরে আলম সিদ্দিকী বলেন, এপ্রিলে তাঁদের নামে যে বিল পাঠানো হয়েছে, তাতে মিটার হিসাবে ৩৫ ইউনিট দেখানো হয়েছে। এর সঙ্গে আরও ৬০ ইউনিট ‘সমন্বয়’ দেখিয়ে তা যোগ করে মোট ৯৫ ইউনিটের বিল করা হয়েছে। অথচ এর আগে তিন মাসে তাঁদের যথাক্রমে ৩০, ২৫ ও ২৫ ইউনিটের বিল এসেছে। পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে তারা এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি।
একই গ্রামের তৌহিদুল ইসলাম বলেন, তাঁদেরসহ গ্রামের অনেকের নামে এমন অতিরিক্ত বিল করা হয়েছে। তাঁরা ৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন অথচ এর সঙ্গে আরও ৫০ ইউনিট যোগ করে ৮৫ ইউনিটের বিল করা হয়েছে। এভাবে গ্রামের নাছের আলী, ছায়েদুজ্জামান, আবদুস সামাদ, হামিদুল ইসলাম, হাফিজার রহমানসহ আরও প্রায় ১০০ জনের নামে অতিরিক্ত বিল করা হয়েছে। রামেশ্বরপুর গ্রামের হাফিজার রহমান বলেন, তাঁদের এলাকার শতাধিক গ্রাহকের নামে অতিরিক্ত বিল করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি গাবতলী এলাকার উপমহাব্যবস্থাপক আবুল হাসান বলেন, যেসব গ্রাহকের মিটারে সন্দেহ হয়, সেসব গ্রাহকের নামে অতিরিক্ত ইউনিট যোগ করে বিল করা হয়েছে। মিটারে সমস্যা থাকার কারণে এমন হয়ে থাকে। তা ছাড়া তাঁদের কাছে কোন গ্রাহক কয়টি বৈদ্যুতিক পাখা ও বাতি ব্যবহার করেন, তার হিসাব রয়েছে। সেই হিসাবে তাঁরা যখন দেখেছেন বিদ্যুৎ খরচ কম হয়েছে, তেমন গ্রাহকের ক্ষেত্রে এমন বিল গেছে। গাবতলীতে এমন বিলের সংখ্যা প্রায় ৪০০ হবে। গ্রাহকেরা যোগাযোগ করলে বিষয়টি দেখা হবে বলে জানানো হয়। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে আকন্দপাড়ার আবদুস সামাদ বলেন, তাঁদের মিটারে সমস্যা থাকলে আগের কয়েক মাসের বিলে তা দেখা হলো না কেন? আসলে সমিতির লোকজন ইচ্ছা করেই অতিরিক্ত বিল আদায় করছেন।