গাবতলীতে পুলিশ সদস্যকে জনতার পিটুনি, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীতে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলী পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলকে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।এ ঘটনায় নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী দারুস সালাম থানায় মামলা করেছেন। ওই কনস্টেবল সজল রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ব্যবসায়ীরা অভিযোগ করেন, গতকাল সন্ধ্যার দিকে ১০ লাখ টাকা নিয়ে চামড়া ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম গাবতলী গরুর হাটে যাচ্ছিলেন। হাটের অদূরে আমিনবাজার সেতুর কাছে সাদা পোশাকের কনস্টেবল সজল রায় তাঁকে আটকে টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ইব্রাহিম ছিনতাইকারী বলে চিৎকার করলে আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা গিয়ে সজলকে আটকে পিটুনি দেয়। এ সময় সজল নিজেকে পুলিশ সদস্য বলে দাবি করেন। পরে জনতা তাঁকে গরুর হাটের ইজারাদারের কাছে নিয়ে যায়। তাঁকে সেখানে আটকে রেখে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।গাবতলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবু রায়হান দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে সজল ওই ব্যবসায়ীকে তল্লাশি করতে গেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে রায়হান স্বীকার করেন, ওই সময় সজল রায় কর্তব্যরত ছিলেন না। ঘটনাটি ভুল-বোঝাবুঝি বলে মনে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সজলকে সাময়িক বরখাস্ত করেছে।