গাবতলীতে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনালে বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৪২) বছর। তাঁর পরনে ছিল ফুলহাতা নীল রঙের গেঞ্জি ও নীল রঙের লুঙ্গি। রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাস্থলে থাকা পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী এক পথচারী মো. আলম বলেন, ‘গাবতলী টার্মিনালের বিপরীত পাশে ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি।’
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।