গাবতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত একজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল হান্নান (৫০)। তিনি পথচারী ছিলেন। গুরুতর আহত ব্যক্তির নাম মো. শাহিন (৩২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রের ভাষ্য, গাবতলী মোড়ে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনা ঘটে। বাসটি কয়েকজন পথচারীকে চাপা দেয়। এ ছাড়া একটি প্রাইভেটকারের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, গুরুতর আহত দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।