গাবতলীর মেয়রসহ বিএনপির ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার গাবতলী উপজেলায় গত সোমবার হরতালের সমর্থনে মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির বিবদমান দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোরশেদ মিলটনসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত উপজেলার নেপালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান আলীর স্ত্রী টুলি বেগম গত মঙ্গলবার রাতে গাবতলী থানায় মামলাটি করেন। এদিকে রাতেই পুলিশ পৌর যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন গাবতলী পৌর শহরের তিনমাথাসংলগ্ন একটি বিপণিকেন্দ্রে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শাহজাহান আলী অবস্থান করছিলেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পৌর মেয়র মোরশেদ মিলটনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালিয়ে তাঁকে হত্যা করে।
তবে মেয়র মিলটন দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি ও ঘায়েল করতে জাহিদুল পক্ষের লোকজন নিজেরাই তাঁদের পক্ষের একজনকে হত্যা করে হয়রানিমূলক মামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে চেয়ারম্যান জাহিদুল বলেন, আওয়ামী লীগের মদদে ও পৌর মেয়রের ইন্ধনে বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে বর্বর হামলা চালানো হয়। বিএনপির নেতা শাহজাহানকে মেয়রের ইন্ধনে তাঁর লোকজন হত্যা করে।