গাবুরার মানুষ ফের পানিবন্দী
টানা কয়েক দিনের বৃষ্টিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের প্রায় সব গ্রাম পানির নিচে চলে গেছে। এতে ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এ এলাকার মানুষ যখন বাড়ি ফিরে নতুন ঘর তুলে বসবাস শুরু করেছিল, ঠিক তখন পানির কারণে ফের তাদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে বসতঘর তলিয়ে যাওয়ায় গত ১০-১২ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর খুপরি বেঁধে তিন সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের সেলিনা বেগম। তিনি বলেন, ‘ভেসে পুড়ে বেড়াচ্ছি, দেখার কেউনি। আইলা যেন বারবার ফিরে আসতেছে আমাগো কাছ।’ সরেজমিনে বুধবার ওই ইউনিয়নের গিয়ে দেখা গেছে, ২ আগস্ট থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে গাবুরা ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামই এখন পানির নিচে। চোখ যত দূর যায়, পানি থই থই করছে। ইতিমধ্যে কেউ কেউ খোলা আকাশের নিচে বাঁধের ওপর আশ্রয় নিলেও অধিকাংশ মানুষ ডুবে থাকা ঘরে টোং বেঁধে দিন পার করছে। পানিতে ডুবে থাকায় এক ঘর থেকে অন্য ঘরে যেতে নৌকা ব্যবহার করতে হচ্ছে। পানি ঢুকে পড়ায় অনেক পরিবারের বসতঘরে বসবাস করা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে ৯ নম্বর সোরা গ্রামের অবস্থা ভয়াবহ। পানি নিষ্কাশনের একমাত্র স্লুইস গেটের পুনর্নির্মাণ কাজ গত দুই বছরে শেষ না হওয়ায় এই এলাকার প্রায় এক হাজার ৫০০ পরিবার ভীষণ কষ্টে আছে। সোরা গ্রামের আবদুর গফুর ও সরবানু খাতুন বলেন, ‘অনেক কষ্টে ধার-দেনা করে দুচালা একটি ঘর বেঁধে নিজেদের ভিটায় বসবাস শুরু করেছিলাম। এখন পানির চাপে ঘরের তলার মাটি সরে গেছে। এখন ঘর যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে আবার তাঁরা গৃহহীন হয়ে পড়তে পারেন।’ সোরা গ্রামের পশ্চিমপাড়ার সালমা বেগম ও আবদুল মজিদ মালিসহ কয়েকজন জানান, পানি নিষ্কাশনের জন্য নির্মিত স্লুইস গেটগুলোর অধিকাংশ আইলার আঘাতে নষ্ট হয়ে গেলেও আজ পর্যন্ত নির্মাণ করা হয়নি। বাঘ বিধবা হামিদা বেগম বলেন, ‘গোটা এলাকা পানিতে তলিয়ে থাকায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না, তাই সময়মতো বাইরে আসতে না পারায় কাজকর্ম পাওয়া যাচ্ছে না। এতে দুবেলা খাবার জোগাড় করতে বেগ পেতে হচ্ছে।’ সোরা গ্রামের স্বপ্না খাতুন জানান, তিন দিন আগে স্বামী সুন্দরবনে কাজে গেছে। তিনি একা মেয়ে মানুষ পানির ওপর মাচায় শুয়ে বসে সময় কাটাচ্ছেন। ঘুমের মধ্যে শিশুটি পানির মধ্যে পড়লে সর্বস্ব শেষ হয়ে যাবে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাববীর আহমদ জানান, পানিবন্দী মানুষের জন্য ইতিমধ্যে পাঁচ মেট্রিক টন চালের ব্যবস্থা করা হয়েছে। অল্পকিছু মানুষ পাউবোর বাঁধে আশ্রয় নিয়েছেন। দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে।