গাবুরায় বেড়েছে দারিদ্র্য ও বেকারত্ব, কমেছে উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত গাবুরায় চার বছরে হতদরিদ্রের সংখ্যা ৪৩ শতাংশ বেড়েছে। এলাকায় বেকারত্ব বেড়েছে। বিঘাপ্রতি ধানের উৎপাদন ২২ শতাংশ কমেছে। বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। মানুষ তীব্র পানীয় জলের সংকটে আছে।
‘গাবুরা: এ স্টাডি অন দ্য সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইফেক্টস অব আইলা’ শীর্ষক সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান ব্রতী এই সমীক্ষা করেছে। গতকালের অনুষ্ঠানও আয়োজন করে ব্রতী।
সমীক্ষায় বলা হয়েছে, জাতীয় পর্যায়ে দারিদ্র্য কমতে থাকলেও আইলা-পরবর্তী গাবুরায় তা দ্রুত বৃদ্ধি পায়। এলাকায় হতদরিদ্রের সংখ্যা ৪৩ শতাংশ বেড়েছে। বেকারত্ব বেড়েছে। মধ্যবিত্ত শ্রেণী ৪৩ শতাংশ কমেছে, কর্মসংস্থানের সুযোগ কমেছে। আইলার আগে এলাকায় বিঘাপ্রতি ধানের গড় উৎপাদন ছিল ১১ মণ, বর্তমানে কমে তা ৮ দশমিক ৬ মনে দাঁড়িয়েছে। সমীক্ষার ফলাফল উপস্থাপনের সময় ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ বলেন, গাবুরার মানুষ তীব্র পানিসংকটে আছে। ৩৯ হাজার মানুষের জন্য মাত্র একটি গভীর নলকূপ।
২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার ১৪টি জেলায় আঘাত হানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার একটি ছিল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। গত বছর ব্রতী ইউনিয়নের ১৫টি গ্রামের মধ্যে পাঁচটি গ্রামে এই সমীক্ষা করেছে। পাশাপাশি মাটি ও পানির গুণাগুণ বিশ্লেষণ করেছে।
সমীক্ষায় দেখা গেছে, জনসংখ্যার ৭৮ শতাংশের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। সমীক্ষা চলাকালে ৫০ শতাংশ মানুষ পেটের পীড়া, পাতলা পায়খানা বা ডায়রিয়ার কথা বলেছেন। ৯৬ শতাংশ নারী প্রস্রাব নালীর সংক্রমণের কথা বলেছেন।
পানি ও মাটির নমুনা পরীক্ষার ফলাফল উপস্থাপনের সময় প্লাজমা প্লাস অ্যাপলিকেশন অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির প্রধান বিজ্ঞানী অধ্যাপক আমীর হোসেন খান বলেন, গাবুরার পানি খুবই দূষিত। পুকুরের পানির যে নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে উচ্চ মাত্রার ম্যাঙ্গানিজ পাওয়া গেছে। শুধু ফুটিয়ে এই পানি পানের উপযোগী করা যাবে না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, ‘বাংলাদেশের যেকোনো স্থানে গেলে সেখানকার মানুষ আপনাকে পানি খেতে দেবে। গাবুরার মানুষ তা দেবে না। গাবুরায় এক গ্লাস পানির দাম ১০ টাকা।’ তিনি বলেন, সংকটের কারণে গাবুরার মানুষ স্থায়ী ও অস্থায়ীভাবে এলাকা ছাড়ছে।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসের ফেলো অধ্যাপক জহিরুল করিম।