গাভি কেনায় অনিয়মের অভিযোগ সুফলভোগীদের অসন্তোষ
কালীগঞ্জ উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুফলভোগীদের মধ্যে বিতরণের জন্য গাভি কেনা হয়েছে বরাদ্দ দামের চেয়ে অনেক কম টাকায়। এ নিয়ে সুফলভোগীরা ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ ও বিক্ষোভ করেছেন।প্রকল্প সূত্রে জানা যায়, উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের ২০ গ্রামের এক হাজার ২০০ জনকে সুবিধাভোগী হিসেবে বাছাই করা হয়। তাঁদের বিনা মূল্যে গাভি, টিন, মুরগি, গাছের চারা, সবজির বীজ বিতরণ করার জন্য প্রায় ছয় মাস আগে বরাদ্দ আসে। ১৬ এপ্রিল (শনিবার) স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল। এ জন্য সম্পদ ক্রয় কমিটি ১৩ এপ্রিল উপজেলার কুশলিয়া গরুর হাট থেকে আটটি গাভি ক্রয় করে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ওই দিন আসতে অপারগতা প্রকাশ করায় আবারও প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন পিছিয়ে যায়। ফলে ক্রয় করা আটটি গাভি পরে উদ্বোধনের দিন পর্যন্ত লালন-পালন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শ অনুযায়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলীনুর হোসেন গত রোববার নির্বাচিত আটজন সুফলভোগীকে দায়িত্ব দেন। কিন্তু তাঁরা গাভির আকৃতি দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং গাভি না নিয়েই পল্লী উন্নয়ন অফিসের সামনে বিক্ষোভ করেন।নির্বাচিত সুফলভোগী কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শামছুর রহমান ও চাম্পাফুল ইউনিয়নের মোবারক সরদার জানান, প্রতিটি গাভির জন্য ২০ হাজার টাকা বরাদ্দ এসেছে এবং তাঁদের উপস্থিতিতে গাভি কেনার কথা। যে গাভি কেনা হয়েছে, এর প্রতিটির দাম ১২-১৪ হাজার টাকার বেশি হবে না। প্রকল্প সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে সুফলভোগীদের সঙ্গে নিয়ে গরু কেনার ব্যবস্থা করা হবে।প্রকল্প ও ক্রয় কমিটির সদস্যসচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলীনুর হোসেন বলেন, গাভি বিতরণের জন্য ছয় লাখ টাকা বরাদ্দ এসেছে। এ জন্য চারটি ইউনিয়নের ৩০ জন সুফলভোগীর নামও চূড়ান্ত করা হয়েছে। গত শনিবার নির্বাচিত আটজনকে স্বাস্থ্যমন্ত্রীর স্বহস্তে গাভি বিতরণ করার কথা ছিল। তড়িঘড়ি করে আটটি গাভি কেনা হয়েছে। সময়স্বল্পতার কারণে সুফলভোগীদের রাখা সম্ভব হয়নি।