গাভীয়ার খালের সুরমার মুখ খনন শুরু
সিলেট নগরের গাভীয়ার খালের সুরমা নদীতে মিলিত হওয়া অংশে খননকাজ শুরু করেছে সিটি করপোরেশন। নগরের কাজিরবাজার এলাকায় গাভীয়ার খালের সঙ্গে সুরমা নদীর মিলিত হওয়ার প্রথম মুখে গত বৃহস্পতিবার থেকে খনন শুরু হয়। এক সপ্তাহের মধ্যে খনন সম্পন্ন করে সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করা হবে বলে জানা গেছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, তিন নগরের তিনটি ওয়ার্ড এলাকা দিয়ে প্রবাহিত গাভীয়ার খাল দুই দিক দিয়ে সুরমা নদীতে মিলিত হয়েছে। এর মধ্যে কানিশাইল এলাকায় সুরমায় মিলিত হওয়া অংশ ভরাট হয়। ফলে দখল-দূষণে খালের অস্তিত্ব বিপন্ন হওয়ার উপক্রম দেখা দেয়। পাঁচ কিলোমিটার দীর্ঘ গাভীয়ার খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয় গত ১৮ ডিসেম্বর। এক মাসের মাথায় খালের তিন কিলোমিটার অংশ দখলমুক্ত হয়।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, অর্থমন্ত্রীর নির্দেশনায় গাভীয়ার খালের সঙ্গে মিলিত সুরমা নদীর দুটো মুখ খননকাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে কাজীরবাজার এলাকার খননকাজ সিটি করপোরেশনের তদারকিতে শুরু হয়েছে। কানিশাইল এলাকায় এক কিলোমিটার দীর্ঘ খননকাজের প্রয়োজনীয়তা আছে। সেটি যথারীতি প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে।