গামকা কার্যালয় সরানোর নির্দেশ
গুলশানের ৯৪ নম্বর সড়কে অবস্থিত গালফ কো-অপারেশন কাউন্সিল অ্যাপ্রুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশনের (গামকা) কার্যালয় স্থানান্তরে ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন মেয়র আনিসুল হক। মধ্যপ্রাচ্যে গমনে ইচ্ছুক ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর সমন্বয়কারী সংস্থা হচ্ছে গামকা।
গুলশান-২-এর ৯৪ নম্বর সড়কে গামকা প্রায় ১২ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমানে যেতে আগ্রহী ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিবন্ধনপত্র (স্লিপ) নিতে হয় গামকা কার্যালয় থেকে। গামকার দেওয়া নিবন্ধনপত্র নিয়ে নির্ধারিত ২৬টি মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।
স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধনপত্র নিতে প্রতিদিন ভোর থেকেই কয়েক হাজার লোক জড়ো হয় গুলশানের ৯৪ নম্বর সড়কে। লোকজন কয়েক সারিতে দাঁড়িয়ে থাকে। বিপুল জনসমাগম হওয়ায় পাশের সড়ক, অলিগলিতে ভিড় ছড়িয়ে পড়ে। পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে সমস্যায় পড়তে হয়।
বিষয়টি নিয়ে একাধিকবার সিটি করপোরেশনে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত প্রথম আলোকে বলেন, গামকাকে একাধিকবার সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে। সিটি করপোরেশনকে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মেয়রকে আবার বলা হলে তিনি নিজে দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন।
স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার গামকা কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তখন কয়েক হাজার লোক দাঁড়িয়ে থাকায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। উপস্থিত বিদেশ গমনে ইচ্ছুক নারী ও পুরুষ বিভিন্ন বিষয়ে মেয়রকে অভিযোগ জানান।
মেয়র তাৎক্ষণিক গামকা কার্যালয় বন্ধ করতে নির্দেশ দেন। কিছুক্ষণ কার্যক্রম বন্ধ থাকে। পরে গামকা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কার্যালয় স্থানান্তর করতে এবং সড়ক অবমুক্ত করতে মেয়র ১৫ দিনের সময় বেঁধে দেন।
আনিসুল হক প্রথম আলোকে বলেন, পুরো সড়ক দখল করে লোকজন দাঁড়িয়ে আছে। এলাকায় যানজট লাগছে। গুলশানের লোকজন ও সিটি করপোরেশন গামকাকে চিঠি দিয়েছে, কাজ হয়নি। কার্যালয় সরিয়ে নিতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। সাত দিন পর পরিস্থিতি কেমন তা খোঁজ নেওয়া হবে।
এ ব্যাপারে গামকার মহাব্যবস্থাপক (জিএম) লাহুয়ার রহমান প্রথম আলোকে বলেন, সৌদি আরবে সব খাতে লোক নেওয়ার ঘোষণা দেওয়ায় ভিড় বেশি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে বাড্ডা নতুন বাজারে গামকার নতুন আরেকটি কার্যালয় চালু করা হবে। তখন গুলশান কার্যালয়ে ভিড় কমে যাবে।
এর আগে মেয়র কাকলী থেকে বনানী ১১ ও ১৮ নম্বর সড়ক হয়ে গুলশান ৫০ নম্বর সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি ফুটপাতে বিদ্যমান নিরাপত্তাচৌকি ও নিরাপত্তা ব্লক অপসারণ এবং বিদ্যুতের খুঁটিগুলো সুবিধাজনক স্থানে স্থানান্তরের নির্দেশ দেন।