জয়পুরহাটের কালাই পৌরসভায় শিশু তাওহীদ শামীম শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার রেজাউল করিম ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত সোমবার জয়পুরহাটের অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
শামীম স্থানীয় একিট িবদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার বাবার নাম আবদুল গফুর। তারা কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লায় থাকত। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শামীম নিখোঁজ হয়। রাতে তার বাবা অজ্ঞাতপরিচয় আসামি করে কালাই থানায় মামলা করেন। শনিবার বাড়ির পাশে একটি খড়ের গাদার কাছ থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন প্রতিবেশী রেজাউলকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল পেশায় একজন ভ্যানচালক। তিনি এলাকার এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে টাকা নিয়েছিলেন। সেই টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ী রেজাউলের ওপর চাপ সৃষ্টি করেন। প্রতিবেশী আবদুল গফুর অবস্থাসম্পন্ন ব্যবসায়ী হওয়ায় তাঁর ছেলেকে অপহরণ করার ফন্দি আঁটেন রেজাউল। শামীমকে অপহরণ করা হবে এমন একটি চিঠি লেখেন তিনি। ওই চিঠি ঘরের টেবিলে রেখে শুক্রবার সকালে রেজাউল ঘুমিয়ে পড়েন। শামীম তাঁর বড় ছেলে রিপনের খেলার সাথি। শামীম শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রিপনের লাটিম নেওয়ার জন্য রেজাউলের ঘরে ঢোকে। রেজাউলকে ঘুম থেকে ডেকে তোলে শামীম। রেজাউল ঘুম থেকে জেগে তাঁর ধারণা হয়, শামীম ওই চিঠি পড়ে ফেলেছে। তখন রেজাউল গামছা দিয়ে শামীমের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। বিকেলে শামীমের মায়ের কাছে মুঠোফোনে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা চান। রাতে একটি কার্টনে ভরে লাশ ঘরের বাইরে নিয়ে যান রেজাউল।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সোমবার তাঁর কার্যালয়ে বলেন, মুক্তিপণ চাওয়া মুঠোফোনের সূত্র ধরে রেজাউল করিমকে গত রোববার সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শামীমকে হত্যা করার কথা স্বীকার করেন।