গামছা বাহিনীর প্রধান শিমুলের মুক্তিতে ‘রাজকীয়’ সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মামলার আসামি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং গামছা বাহিনীর প্রধান আলমগীর হোসেন ওরফে শিমুল (৩৫) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় তিনি মুক্তি পান। শিমুলকে ‘রাজকীয়’ সংবর্ধনা দিতে নওয়াপাড়া থেকে ২৬টি মাইক্রোবাস ও শ খানেক মোটরসাইকেলের বহরে যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী দুপুর থেকে যশোরের প্রবেশপথ রাজারহাট এলাকায় রাস্তার ওপর অপেক্ষা করেন। তাঁদের সবার মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-সংবলিত ফিতা বাঁধা ছিল। যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, আদালতের জামিন আদেশের পরিপ্রেক্ষিতে শিমুলকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গত নভেম্বরের শেষ দিকে পুলিশের বিশেষ শাখার একটি দল নওয়াপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দুটি মামলায় তাঁকে আটক দেখানো হয়। পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসা প্রথম আলোকে বলেন, ‘চুরি, মারামারি, চাঁদাবাজিসহ অভয়নগর থানায় শিমুলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ হচ্ছে, তিনি ও তাঁর লোকজন নওয়াপাড়া এলাকায় নীরব চাঁদাবাজি চালান। তিনি এতটাই দুর্ধর্ষ যে নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডাররা তাঁকে গুরু মানে।’ অভয়নগরের ত্রাস গামছা বাহিনী ও এর প্রধান আলমগীর হোসেন শিমুলকে নিয়ে প্রথম আলোতে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।