পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংলগ্ন ভারতীয় গারাতি ছিটমহলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর ছিটমহলবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেখানে চলছে ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারি। সহায়-সম্বল ও ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় পুলিশ।জেলা পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাহায্যের জন্য স্থানীয় ব্যক্তিদের উদ্বুদ্ধ করেন এবং ছিটমহলবাসীসহ বাংলাদেশিদের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।জানা গেছে, আরও হামলার আশঙ্কা সত্ত্বেও অন্যত্র আশ্রয় নেওয়া বাসিন্দারা ধীরে ধীরে ছিটমহলে ফিরতে শুরু করেছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাল, ডাল সরবরাহ করা হয়েছে। ছিটমহলের বাসিন্দাদের নিয়ে গঠিত গারাতি সর্বমঙ্গল কমিটির চেয়ারম্যান মফিদার রহমান অভিযোগ করেন, স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে ছিটমহলের দুই শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি ছিটমহলের অসহায় লোকজনকে তাড়িয়ে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতেই এমন ঘৃণ্য কাজ করেছেন বলে দাবি করেন মফিদার।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন বলেন, বর্তমানে ছিটমহল এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় নূর হোসেন, জবেদ আলী ও জালালউদ্দিন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান বলেন, ছিটমহলের পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। স্থানীয় নেতারাসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করা হয়েছে।জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সহায়তার জন্য এলাকার চেয়ারম্যানকে তালিকা করতে বলা হয়েছে। ইতিমধ্যে যেসব পরিবারের লোকজন ছিটমহলে ফিরে এসেছে তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।গারাতি ছিটমহলে গত বৃহস্পতিবার রাতে একজন বাংলাদেশি ঢোকার পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে তিনি মারা যান। এরপর পুলিশ শুক্রবার সারা দিন ধরে ওই ব্যক্তির মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করলেও গভীর রাতের পর ফেরত দেওয়া হয়। লাশ ফেরত দিতে দেরি করায় ছিটমহলসংলগ্ন হাঁড়িভাসা, হাবিজাবাদ ও অমরখান ইউনিয়নের পাঁচ-সাত হাজার লোক খেপে গিয়ে শনিবার ছিটমহলে হামলা করে। তারা ওই গণপিটুনিতে জড়িত সন্দেহে অনেকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম জানান, গারাতি ছিটমহলে গণপিটুনিতে একজন নিহত ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। কমিটির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল সকালে এক টেলিফোন বার্তায় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং ভারতীয় ইউনিটের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তাদের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার গারাতি যাচ্ছে।