গারাতি ছিটমহলের ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় গারাতি ছিটমহলের ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার ভারতের কোচবিহার জেলা প্রশাসন ১৫০টি শাড়ি ও ৭৫টি লুঙ্গি এবং ৭৫টি ধুতি পাঠায়।কোচবিহার জেলা প্রশাসনের ব্লক ডেভেলভমেন্ট কর্মকর্তা (বিডিও) গোপাল চন্দ্র দাশ বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পঞ্চগড় ২৫ রাইফেলস অপস কর্মকর্তা মেজর এ কে এম হাসিবুল হোসেনের কাছে গতকাল দুপুরে এ ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফুলবাড়ী কোম্পানি কমান্ডার আর কে মিনা উপস্থিত ছিলেন।গতকাল পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিটমহলের ক্ষতিগ্রস্ত ১০২টি পরিবারের প্রত্যেককে দুটি করে হাঁড়ি ও সাবান বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।ছিটমহলের ৭৩ জন শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক দেবে পঞ্চগড় জেলা প্রশাসন। আজ শুক্রবার পাঠ্যপুস্তকগুলো দেওয়া হতে পারে। এদের পাঠ্যপুস্তক ১৬ অক্টোবর ছিটমহলে অগ্নিসংযোগের সময় পুড়ে যায়। জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রথম আলোকে জানান, কোচবিহার জেলা প্রশাসনের পাঠানো এ ত্রাণসামগ্রী ছিটমহলের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।