গারো পাহাড় ডাক দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কে​​েন্দ্র জিরাফের ভাস্কর্য l প্রথম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কে​​েন্দ্র জিরাফের ভাস্কর্য l প্রথম

এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়।
একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা।
—সুনীল গঙ্গোপাধ্যায়

শুধু কবি-সাহিত্যিকই নন, পাহাড়ের প্রতি টান আছে অনেক মানুষেরই। পাহাড়ের সঙ্গ পেতে মানুষ ছুটে যায় দূর-দূরান্তে, দেশে-বিদেশে। দেশের পাহাড়ঘেরা জেলাগুলো ছাড়াও পাহাড়ের দেখা মিলবে দেশের উত্তর-মধ্যাঞ্চলের শেরপুর জেলার ভারত সীমান্তবর্তী এলাকায়। গারো পাহাড় নামে এর পরিচয়। সৌন্দর্যে ভরা এই পাহাড় হাতছানি দেয় পর্যটকদের।
এ জেলার ঝিনাইগাতী উপজেলায় এ রকম পাহাড়-টিলা নিয়েই গড়া হয়েছে গজনী অবকাশ কেন্দ্র। পাশের নালিতাবাড়ীতে আরও উঁচু পাহাড় ও বিশাল এলাকা নিয়ে করা হয়েছে মধুটিলা ইকো পার্ক। এ উপজেলার পানিহাটায় পাহাড়ের সৌন্দর্য আরও বেড়েছে নদের সংস্পর্শে। ওপারে মেঘালয়ের সবুজ গাছপালা ও পাহাড়। সব মিলিয়ে চোখজুড়ানো দৃশ্য।
পানিহাটা ছাড়া অন্যগুলো বন বিভাগের অধীন। কেউ ঢাকা থেকে সড়কপথে যেতে চাইলে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার। ময়মনসিংহ থেকে নকলা ও নালিতাবাড়ী হয়ে ৭০ কিলোমিটরারের মতো পথ গেলেই পানিহাটা। এরপর সীমান্ত সড়ক ধরে পশ্চিমে ৬-৭ কিলোমিটারের মধ্যে মধুটিলা ইকো পার্ক। এ পার্কেও আছে উঁচু পাহাড়। পথের ক্লান্তি উবে যায় পিচঢালা মসৃণ পাহাড়ি পথ ও শাল-গজারির বনের ছোঁয়ায়। মধুটিলা পার্ক থেকে ৮-৯ কিলোমিটারের মধ্যে গজনী অবকাশকেন্দ্র। গজনী থেকে ৯-১০ কিলোমিটারের মধ্যে রাজার পাহাড়।
গজনী অবকাশকেন্দ্র: ১৯৯৩ সালে গজনীর গহিন জঙ্গলে পাহাড়চূড়ায় অবকাশকেন্দ্রের কাজ শুরু হয়। এখানে দর্শনার্থীদের জন্য নান্দনিক কারুকাজে নির্মিত হয়েছে বন্য হাতি, ডাইনোসর, জিরাফ, হরিণ, বেঙ্গল টাইগার। আছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি। দৃষ্টিনন্দন পদ্মশিরি, মাটির নিচ দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার পথ পাতালপুরী। রয়েছে চিলড্রেন পার্ক। অবকাশকেন্দ্রের তিনতলা ভবনের আটটি গেস্টরুম আগত অতিথিদের কাছে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাড়া দেওয়া হয়। কেননা, রাতযাপনের মতো পরিবেশ তৈরি হয়নি এখনো। অবকাশকেন্দ্রের পূর্ব পাশে রয়েছে একটি চমৎকার লেক। ভ্রমণপিপাসুদের ভিড় থাকে সব দিনই। ছুটির দিনে সরগরম থাকে কেন্দ্র।
সম্ভাবনাময় পানিহাটা: এখানে পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে ভোগাই নদ। ওপারে ভারতের মেঘালয় রাজ্যের ঢলুও পাহাড়ি এলাকা। পাহাড় ও নদের অপরূপ সৌন্দর্য আগন্তুকদের মুগ্ধ করে। যদিও এখানে সরকার বা বন বিভাগের পক্ষ থেকে কোনো অবকাঠামো গড়া হয়নি। এখানে আসতে সীমান্ত সড়কের পর দেড় কিলোমিটারের মতো দুর্গম কাঁচা রাস্তা পার হতে হয়। তবে ছোট গাড়ি ও মোটরসইকেলে করে মানুষ আসা-যাওয়া করে।
যাত্রাপথের এই কষ্ট একদমই ছুঁতে পারেনি নেত্রকোনার পঞ্চাশোর্ধ্ব আসবাব ব্যবসায়ী হরেন্দ্রকে। মুখভরা হাসি নিয়ে বলেন, ‘অনেক সুন্দর। এ রকম আর দেখি নাই।’
সাউথ এশিয়ান ট্যুরিজম ফেডারেশনের সভাপতি এইচ এম হাকিম আলী বলেন, ‘পানিহাটাসহ শেরপুর এলাকার পর্যটন স্থানগুলোর উন্নয়নে সরকার যদি আরও একটু নজর দেয় তাহলে বেশি বেশি পর্যটক সেখানে যাবেন।’
মধুটিলা ইকো পার্কে অযত্নের ছাপ: বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৯ সালে ময়মনসিংহ বন বিভাগের আওতায় ৩৮৩ একর জায়গায় ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে মধুটিলা পার্ক নির্মাণের কাজ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে চার কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধনের আরও কিছু কাজ করা হয়।
সম্প্রতি পার্কটি ঘুরে দেখা গেল হাতি, কুমির, বাঘসহ নানা ভাস্কযের্র রং উঠে গেছে। লেকে প্যাডেল বোট নেই। শিশুপার্কে তেমন কোনো খেলনা বা রাইড নেই। মিনি চিড়িয়াখানার কাঠের বেষ্টনী দুর্বল।
ইকো পার্ক রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান বলেন, এখান থেকে প্রতিবছর সরকারের ২২-২৫ লাখ টাকা রাজস্ব আয় হয়। অথচ এখানে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না।