গারোদের মিলনমেলা
গারোদের প্রধান সামাজিক উৎসব ওয়ানগালা (নবান্ন)। রাজধানীতে গতকাল শুক্রবার দিনব্যাপী ওয়ানগালা পরিণত হয় গারোদের মিলনমেলায়। উৎসবে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। তিনি বললেন, ‘এটা আমার প্রাণের অনুষ্ঠান।’ তিনি নেচে-গেয়ে উৎসবে নিয়ে এলেন প্রাণের ছোঁয়া।
তেজগাঁওয়ের বটমলী অরফানেজ টেকনিক্যাল স্কুলের মাঠে আয়োজন করা হয় এবারের ওয়ানগালার। এতে অংশ নেন রাজধানীতে বসবাস করা গারোরা।
ওয়ানগালা পালিত হয় পাহাড়ি জুমচাষকে কেন্দ্র করে। সকালে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। বিধাতার উদ্দেশে ক্রুশে থক্কা (চিহ্ন দেওয়া) দান, উপস্থিত গারোদের কপালে থক্কা দান, সাসাৎসাওয়া, রুগালা, খ্রিষ্টযজ্ঞসহ বিভিন্ন আচার পালন করা হয়।
এরপর এবারের ওয়ানগালার নকমা (গ্রামপ্রধান) সুকলেশ নকরেক এবং নকমা মিচিক (নকমার স্ত্রী) শাপলা সিমসাং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নিজস্ব ভাষায় গাওয়া গানের তালে তালে মাঠে বানানো ক্রুশের চারপাশে নাচেন নকমা, নকমা মিচিক।
অনুষ্ঠান উপলক্ষে গড়ে ওঠা অস্থায়ী দোকানে পাওয়া যাচ্ছিল গারোদের পছন্দের নানান পাহাড়ি সবজি। এগুলোর পাশাপাশি অনেকে কিনছিলেন কুঁচিয়া, কাঁকড়া, নাখাম (শুঁটকি), চুচ্চুরু (শামুক)।
অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হচ্ছিল গারো গান-নাচ। উপস্থিত গারোরা উপভোগ করছিলেন ঐতিহ্যবাহী জুমনাচ। আচিক কালচারাল একাডেমি, গুম শান কালচারাল একাডেমির শিল্পীরাসহ অন্য গারো শিল্পীরা পরিবেশন করেন এসব নাচ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে গারোদের উপস্থিতিও বাড়তে থাকে।
অনুষ্ঠানে আসা গারোরা জানান, তাঁরা নিজেদের ‘মান্দি বা মানুষ’ বলেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাজধানীতে প্রায় ৩০ হাজার গারো বাস করেন।
প্রমোদ মানকিন অনুষ্ঠানে আসেন বেলা সাড়ে তিনটায়। মঞ্চে ওঠার আগেই তিনি নাচলেন। মঞ্চে উঠে গারো ভাষায় গান গাইলেন।