গারো তরুণী ধর্ষণের মামলায় জবানবন্দি দিলেন রুবেল
রাজধানীতে গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রাফসান হোসেন রুবেল গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দ্বিতীয় দফায় গ্রেপ্তার হওয়া রুবেল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক বি এম মামুন গতকাল ছয় দিনের রিমান্ড শেষে রুবেলকে আদালতে হাজির করেন।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১১ নভেম্বর র্যাব-১ রুবেলকে গ্রেপ্তার করে। ওই দিন সংবাদ সম্মেলন করে র্যাব জানিয়েছিল, গারো তরুণীর হবু স্বামী উত্তর বাড্ডার একটি মেসে থাকতেন। ২৫ অক্টোবর তাঁর সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। এ সময় মেসের ভাড়াটেরা সন্ত্রাসী রুবেলকে ডেকে আনেন। সালাউদ্দিন ও আল আমিনের সহযোগিতায় তাঁকে পাশের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রুবেল। এ ঘটনায় ওই তরুণী গত ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা করেন।
উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেলের বিরুদ্ধে। গ্রেপ্তারের পর রুবেলকে বাড্ডা থানার পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ১৩ নভেম্বর রুবেলকে আদালতে হাজির করে। পরে রুবেল পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য এসআই ইমরান ও কনস্টেবল দীপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে ১৪ নভেম্বর বাড্ডার সুবাস্তু টাওয়ারের কাছ থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।