গারো তরুণী ধর্ষণের মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রাফসান হোসেন রুবেলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলাটির তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক শাহিনুর রহমান খান গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত অপর তিন আসামি হলেন সালাউদ্দিন মিনা, আল আমিন ও ইমরান। আসামি রাফসান ও সালাউদ্দিন মিনা কারাগারে আটক আছেন। আল আমিন ও ইমরান পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

রাফসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এবং ধর্ষণে সহায়তা করার অভিযোগে সালাউদ্দিন, আল আমিন ও ইমরানের বিরুদ্ধে একই আইনের ৩০ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।

গতকাল ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক অভিযোগপত্র নথি সংযুক্ত করার আদেশ দেন। একই সঙ্গে মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে দেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামি রাফসান হোসেন আদালতে জবানবন্দি দিয়ে ধর্ষণের কথা স্বীকার করেন। তাঁর জবানবন্দিতে সালাউদ্দিন মিনা, আল আমিন ও ইমরানের নাম প্রকাশ করেন। ওই গারো তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে প্রায়ই বাড্ডায় যেতেন। ২০১৬ সালের ২৫ অক্টোবর ওই তরুণী বন্ধুটির সঙ্গে দেখা করতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁকে ও তাঁর বন্ধুকে আটকিয়ে মিথ্যা অপবাদ দেন। রাফসান বিচারের অজুহাতে তাঁর সহযোগীদের সহায়তায় তরুণীকে একটি ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। অন্য আসামিরা ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দেন। ধর্ষণের পর আসামিরা পালিয়ে যান। এ ঘটনায় তরুণীর ভগ্নিপতি বাড্ডা থানায় এ মামলা করেন। রাফসান ও সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। রাফসান আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় গত বছরের ১৩ নভেম্বর পালিয়ে যান। পরে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।