গারো পাহাড় খুঁড়ে পাথর লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তে গারো পাহাড় খুঁড়ে, শ্যালো ইঞ্জিন বসিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এতে প্রায়ই টিলা ধসে প্রাণহানির ঘটনা ঘটছে।ট্রলিতে পাথর পরিবহনের জন্য টিলা কেটে ৩০০ ফুট দীর্ঘ রাস্তা বানানো হয়েছে। বন বিভাগ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ট্রলিপ্রতি ৭০০ টাকা করে দিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে পাথরের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।নির্বিচারে পাহাড় খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি করায় জীবজন্তুর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মুগনিউর রহমান।অনুসন্ধানে জানা যায়, ঝুঁকি নিয়ে পাথর তুলতে গিয়ে গত ছয় বছরে আটজন শ্রমিক মারা গেছেন, পঙ্গু হয়েছেন দুজন। সর্বশেষ ৩ এপ্রিল পাথরচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বছরজুড়ে পাথর তোলা চলে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দাওধারা, কাটাবাড়ি ও ঢালুকোনা পাহাড়ের এক কিলোমিটারজুড়ে এই খোঁড়াখুঁড়ি চালাচ্ছে একটি সিন্ডিকেট। এর সঙ্গে দাওধারা গ্রামের আশরাফ আলী, নূর ইসলাম, রফিকুল ইসলাম মুন্সী, ইমান আলী, তোতা মিয়া, হোসেন আলী; আন্দারুপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, আরু মিয়া জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।৮ ও ২০ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, দাওধারা পাহাড়ে টিলা কাটা রাস্তা ধরে ২০০ ফুট ওপরে উঠলে মাগুনেরগুপ। সেখানে কয়েকটি টিলার মাঝে খানিকটা সমতল ভূমি পাওয়া গেল। সেখানে চার শতাংশ জায়গাজুড়ে ১৫-২০ ফুট গভীর একটি গর্ত দেখা গেল। গর্তের পাশে শ্যালো ইঞ্জিন বসিয়ে দু-তিন ইঞ্চি বড় পাথর তোলে আনা হচ্ছে। শ্রমিকেরা জানান, আশরাফ আলীর নির্দেশে পাথর তোলার কাজ চলছে এখানে। পাহাড় ঘুরে আরও পাঁচ-ছয়টি স্থানে গভীর গর্ত দেখা গেছে। ওই সব স্থান থেকে ইতিমধ্যে পাথর তোলা হয়ে গেছে। শ্রমিকেরা জানান, প্রতিদিন কমপক্ষে তিন-চার ট্রলি পাথর বিক্রি করা হয় এখান থেকে। প্রতি ট্রলিতে ৬০ ঘনফুট পাথর ধরে, যার দাম তিন হাজার টাকা।পাথর ব্যবসায়ী হোসেন আলী জানান, সারা দিনে পাঁচ-ছয়জন শ্রমিক মিলে ১২০ ঘনফুট পাথর তুলতে পারেন। ১০০ ঘনফুট পাথর তুলতে ১০ লিটার ডিজেল লাগে। কেউ বাধা দেয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সব সিস্টেমে চলে।’ এক পাথর ব্যবসায়ী জানান, ট্রলিপ্রতি বিজিবির সদস্যদের ৪০০ টাকা আর বন বিভাগের লোকজনকে ৩০০ টাকা করে দিতে হয়। শ্রমিক জামাল উদ্দিন জানান, পাথর তুলতে গিয়ে এ পর্যন্ত পাহাড়ে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। চলতি মাসে আসমা বেগম (২৭) নামের এক নারী শ্রমিক পাথরচাপায় নিহত হয়েছেন। পাথর উত্তোলনকারী ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ‘সপ্তাহে দু-এক দিন তোলা হয়।’ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বাতকুচি বন বিভাগের বিট কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘টিলার পাশে জমি খুঁড়ে পাথর তোলা নিষেধ। যদি কেউ নিজের জমি থেকে পাথর উত্তোলন করে, সেখানে আমাদের বাধা দেওয়া সম্ভব হয় না।’বারোমারি বিজিবি ক্যাম্পের সুবেদার মাহবুবর রহমান বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি আমাদের নাম ভাঙিয়ে পাথর তুলতে চেষ্টা করে। এলাকার লোকজনকে পাথর তুলতে নিষেধ করা হয়েছে।’ টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে পাহাড় থেকে পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। কেউ অবৈধভাবে পাথর উত্তোলন করলে তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।