গারো পাহাড়ের বুক চিরে তোলা হচ্ছে কাচবালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তে গারো পাহাড় খুঁড়ে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে অবৈধভাবে কাচবালু (সাদা বালু) উত্তোলন চলছে। পাহাড় থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রশাসনের সহায়তায় এ কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন জানান, এখান থেকে প্রতিদিন ১০-১২ ট্রাক কাচবালু দেশের বিভিন্ন সিরামিক কারখানায় নেওয়া হয়। এ জন্য বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শ্রমিক ইউনিয়ন ও পাহাড় নিয়ন্ত্রণকারী স্থানীয় একটি চক্রকে ট্রাকপ্রতি ৪০০ টাকা দিতে হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, সারা বছর ধরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বরুঙ্গা, কালাপানি, বাতকুচি ও মধুটিলা পাহাড়ের দেড় কিলোমিটারজুড়ে এই বালু উত্তোলন চলছে। ওই সিন্ডিকেটে সমশ্চুড়া গ্রামের শামসুল আলম; বরুঙ্গা গ্রামের হারুন আর রশিদ, রফিকুল ইসলাম, এরশাদ আলী, আফছার আলী; কালাপানি গ্রামের রমজান আলী এবং মধুটিলা গ্রামের হাম্বিলা জড়িত রয়েছেন। পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মুগনিউর রহমান বলেন, নির্বিচারে পাহাড় খুঁড়ে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে কাচবালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিকট শব্দে জীবজন্তুর আবাসস্থল হুমকির মুখে পড়েছে।
২২ জানুয়ারি সরেজমিনে সমশ্চুড়া পাহাড়ের কালাপানি এলাকায় কয়েকটি টিলার মাঝে সমতল ভূমি পাওয়া যায়। সেখানে ২০ শতাংশ জায়গায় ১৫ থেকে ২০ ফুট গভীর চার-পাঁচটি গর্ত রয়েছে। গর্তের পাশে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে তুলে আনা হচ্ছে বালু। শ্রমিকেরা জানান, আফছারের নির্দেশে এখানে বালু তোলার কাজ চলছে। পাহাড় ঘুরে আরও কয়েকটি স্থানে গভীর গর্ত দেখা গেছে। ওই সব স্থান থেকে ইতিমধ্যেই বালু তোলা হয়েছে। প্রতিদিন এসব এলাকা থেকে ১০-১২ ট্রাক বালু বিক্রি করা হয়। প্রতি ট্রাকে ৪০০ ঘনফুট বালু ধরে। এর দাম প্রায় আড়াই হাজার টাকা।
আফছার আলী জানান, সারা দিনে ১০ জন শ্রমিক এক হাজার ২০০ ঘনফুট বালু তুলতে পারেন। এতে সাত থেকে আট লিটার ডিজেল লাগে। কেউ বালু উত্তোলনে বাধা দেয় কি না, জানতে চাইলে তিনি মুচকি হেসে ‘না’ বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বালু ব্যবসায়ী জানান, বিজিবির সদস্যদের ট্রাকপ্রতি ১০০ টাকা, বন বিভাগের লোকজনকে ৫০ টাকা, ট্রাক-ট্যাংক-লরিচালক শ্রমিক ইউনিয়নের লোকজনকে ১০০ টাকা এবং পাহাড় নিয়ন্ত্রণে থাকা স্থানীয় ২৬ সদস্যের একটি চক্রকে ১৫০ টাকা করে দিতে হয়।
বালু ব্যবসায়ী এরশাদ আলী জানান, এই এলাকা থেকে প্রতিদিন ১০-১২ ট্রাক কাচবালু গাজীপুরের বিভিন্ন সিরামিক কারখানায় যায়। পূর্ব সমশ্চুড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম পাহাড় নিয়ন্ত্রণ সিন্ডিকেটের সদস্য হয়ে ট্রাকপ্রতি টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেলেও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
শেরপুর জেলা ট্রাক-ট্যাংক-লরিচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ বলেন, শ্রমিক কল্যাণ তহবিলের জন্য শ্রমিকেরা ট্রাকপ্রতি সামান্য কিছু টাকা নেন। উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করে বন বিভাগের সমশ্চুড়া বিট কর্মকর্তা সাফেরুজ্জামান বলেন, টিলার পাশে জমি খুঁড়ে বালু তোলা নিষেধ। হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মমিন বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি আমাদের নাম ভাঙিয়ে বালুর ব্যবসা চালাচ্ছে। বিজিবির টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।